ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে এক অনন্য দায়িত্ব লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান। আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের মাধ্যমেই অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্বের অভিষেক ঘটতে যাচ্ছে। ব্যবসা এবং টেলিভিশন জগতের পাশাপাশি এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও নিজের শক্ত অবস্থান তৈরি করলেন মৌলভীবাজারের এই ব্রিটিশ-বাংলাদেশি তরুণী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই নতুন দায়িত্বের কথা জানিয়েছেন আনিসা। তাঁর বাবা ইয়াওর খানও মুক্তকণ্ঠকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হিসেবে আনিসাকে নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন এই অর্জনের আনন্দ প্রকাশ করে আনিসা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হয়েছি। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের কাবাডি সোসাইটিতে যোগ দেওয়ার সময় এই খেলায় আমি ছিলাম সম্পূর্ণ নতুন। কখনো কল্পনাও করিনি, নতুন একটি খেলা শেখার সিদ্ধান্ত আমাকে আজ এই অবস্থানে নিয়ে আসবে।’

আগামী সপ্তাহে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। সেখানে ইংল্যান্ডের নারী খেলোয়াড়দের একটি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত গর্বিত বলে উল্লেখ করেছেন।

আনিসা খানের পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে অভিবাসিত হন। সেখানে তিনি প্রথমে রেস্তোরাঁ এবং পরবর্তীতে আবাসন ব্যবসায় যুক্ত হন। ইয়াওর খান যুক্তরাজ্যের খ্যাতনামা ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা। চার ভাই-বোনের মধ্যে আনিসা সবার ছোট।

যুক্তরাজ্যে বেড়ে ওঠা আনিসা বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম কাবাডি খেলা শুরু করেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে একপর্যায়ে তিনি ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলে জায়গা করে নেন। ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপের দলগত সদস্য ছিলেন তিনি। লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে ইকোনমিক ডেভেলপমেন্ট বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা আনিসা আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারে কর্মরত ছিলেন। পেশাগত জীবনের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার আগ্রহ থেকে করোনা মহামারির সময়ে তিনি ‘বোম্বে পিৎজা’ নামক খাবারের ব্যবসা প্রতিষ্ঠা করেন।

২০২৫ সালে বিবিসি ওয়ানের জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নিয়ে যুক্তরাজ্যে ব্যাপক পরিচিতি লাভ করেন আনিসা। ব্রিটিশ ব্যবসায়ী লর্ড অ্যালান সুগারের আড়াই লাখ পাউন্ডের ব্যবসায়িক বিনিয়োগ পাওয়ার প্রতিযোগিতায় তিনি রানারআপের গৌরব অর্জন করেন।

ব্যবসা পরিচালনা এবং টেলিভিশন অনুষ্ঠানের ব্যস্ততার মাঝেও কাবাডি খেলার প্রতি তাঁর টান ছিল অটুট। নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, এলএসই থেকে পড়াশোনা শেষ করা, অ্যাকসেঞ্চারে চাকরি, বোম্বে পিৎজা প্রতিষ্ঠা এবং ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নেওয়া—জীবন তাঁকে নানা পথে নিয়ে গেলেও কাবাডি সব সময় তাঁর সঙ্গে ছিল।

এবার সেই ভালোবাসার খেলাতেই ইংল্যান্ড নারী জাতীয় দলের অধিনায়ক হিসেবে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। আগামী ২৩ অক্টোবর আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে তাঁর নেতৃত্ব দেওয়ার সুযোগ হবে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে বাংলাদেশ ও ইংল্যান্ডসহ মোট ১৪টি দেশ অংশগ্রহণ করছে।