কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৬ অক্টোবর) গণামাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার জানান, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে মাদক উদ্ধারের অভিযানে ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় গিয়েছিলেন পুলিশের কনস্টেবল রোহিত দেওয়ান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন। ঠিক সেই সময়েই বিএসএফ তাদের ধরে নিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।
এই পুরো ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে বর্ণনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “এ ধরনের ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন।”
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন যে, স্বাধীন ও সার্বভৌম দুই প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা, অধিকার এবং পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করতে উভয় দেশের সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ভারতীয় পক্ষের আগ্রাসী মনোভাব এই ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী।
ঘটনাটি গুরুত্বের সাথে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
পাশাপাশি তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারত বাংলাদেশের সঙ্গে সম্মানজনক আচরণ করছে না। এই পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে এবং এর যথাযথ প্রতিকার দাবি করার আহ্বান জানান।