সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অপরাধে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত বুধবার এই দুঃসংবাদ নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তি দু'জনের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। জানা গেছে, মক্কার একটি মসজিদের অভ্যন্তরে তাঁরা অনৈতিক ও অশালীন কাজে লিপ্ত ছিলেন। সেই সময় দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা সম্প্রতি কার্যকর করা হয়েছে।