ভোলার চরফ্যাশনের বাসিন্দা এবং বৃক্ষপ্রেমী ইমাম রেজাউল কিবরিয়া বাবুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দীর্ঘ প্রায় তিন দশক ধরে নিজ উদ্যোগে বৃক্ষরোপণের মাধ্যমে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার এই দীর্ঘদিনের ব্যতিক্রমী উদ্যোগের ভূয়ষি প্রশংসা করেন এবং বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইমাম বাবুলের পাশাপাশি নিজ নিজ কর্মতৎপরতার মাধ্যমে সমাজে অনন্য অবদান রাখা আরও দুজন বিশিষ্ট ব্যক্তি এই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের বাসিন্দা রেজাউল কিবরিয়া বাবুল পেশায় একজন মসজিদের ইমাম। ইমামতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজের কষ্টার্জিত অর্থ, শ্রম ও সময় ব্যয় করে প্রায় তিন দশক ধরে এলাকার বিভিন্ন সড়কের পাশে গাছ লাগিয়ে আসছেন। তার রোপণ করা সারি সারি তালগাছসহ নানা প্রজাতির বৃক্ষ এখন বিশাল আকার ধারণ করেছে, যা একদিকে যেমন সড়কের সৌন্দর্য বৃদ্ধি করেছে, অন্যদিকে পথচারীদের জন্য শীতল ছায়ার ব্যবস্থা করেছে।
ইমাম বাবুলের এই পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছিল ১৯৯৩-৯৪ সালের দিকে। সেই সময়ে তিনি নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্রায় আট লাখ টাকা ব্যয়ে একটি নার্সারি গড়ে তোলেন। পরবর্তীতে সেই নার্সারিতে উৎপাদিত চারার মাধ্যমেই তিনি বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণের কাজ শুরু করেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভিন্ন স্থানে তিনি প্রায় ৫০ থেকে ৬০ হাজার গাছের চারা রোপণ করেছেন; যার মধ্যে কেবল তালগাছের বীজ ও চারার সংখ্যাই প্রায় ২৫ থেকে ৩০ হাজার।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বাবুলের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, জীবনসংগ্রাম এবং পরিবেশ সুরক্ষায় তার বিশেষ অবদানের বিষয়টি বিস্তারিতভাবে উঠে আসে। প্রধানমন্ত্রী তার এই মহতী উদ্যোগের ভূয়ষি প্রশংসা করেন এবং সমাজকল্যাণমূলক এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখতে প্রয়োজনীয় উৎসাহ ও সহযোগিতার আশ্বাস দেন।