ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)। প্রাথমিক তথ্যানুযায়ী, তাদের বাড়ি নরসিংদী জেলা সদরে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে মোটরসাইকেলে সিলেটের দিকে যাচ্ছিলেন অনুপ ও আজিম। পথে বৈষামোড়া এলাকায় যানজটে আটকা পড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমার মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।