ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় ফুডলিং ফুড প্রোডাক্টস বেকারি কারখানায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সারের নেতৃত্বে মোবাইল কোর্ট এই জরিমানা আদায় করে।
অভিযানকারী দল জানায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশে কাঁচামাল সংরক্ষণ করা হতো। শিল্প লবণ এবং রংযুক্ত ‘চেরিফল’ নামের উপাদান ব্যবহার করে পণ্য উৎপাদন, ঢাকনাবিহীন অবস্থায় পণ্য রাখা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে পণ্য মোড়কজাত ও বাজারে ছাড়ার তথ্য পাওয়া যায়। এছাড়া, কারখানায় ব্যবহৃত ‘ওলিও কিট’ তেল পরীক্ষায় পোড়া তেল হিসেবে চিহ্নিত হয়। লেবেলবিহীন বিভিন্ন ধরনের মিষ্টিজাতীয় পণ্যও বাজারে পাওয়া গেছে।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানান, কিছুদিন আগে প্রতিষ্ঠানটির দুটি কারখানা পরিদর্শন করা হয়েছিল। তখন মোড়কীকরণে অনিয়ম দেখা দেয় এবং সাত দিনের মধ্যে তা সংশোধনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় বর্তমানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ অন্যান্য সহায়ক কর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানটিকে প্রচলিত সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।