সিলেটের খাদিম বিসিক শিল্প এলাকা ও রায়নগরে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলা প্রশাসন মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করে।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সিলেট মহানগর পুলিশ এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের সিলেট কার্যালয় সহযোগিতা করে।

অভিযানে দেখা যায়, খাদিম বিসিক শিল্প এলাকার ময়মনসিংহ এগ্রো লিমিটেড নামক প্রতিষ্ঠানে ফুড-গ্রেড ব্রাশের পরিবর্তে পেইন্টিং ব্রাশ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও মরিচা ধরা ধাতব উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করে এই অনিয়মের জন্য প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর রায়নগর এলাকার নিউ মর্ডান সুরমা বেকারিতে আরও গুরুতর অনিয়ম উদ্ঘাটিত হয়। সেখানে খাদ্য তৈরির যন্ত্রপাতি, প্লেটসহ বিভিন্ন সরঞ্জামে ময়লা ও মরিচা জমে ছিল। রান্না করা খাবার ও ডাস্টবিনে কোনো ঢাকনা না থাকায় দূষণের ঝুঁকি ছিল। ব্যবহৃত ডিমের মধ্যে পচা ও ভাঙা ডিম পাওয়া গেছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, মঙ্গলবার তৈরি করা খাবারের প্যাকেটে দুই দিন পরের তারিখ উল্লেখ করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে বেকারিটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট পারভেজ জানান, "নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"