সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে নানা অনিয়ম ও বিদেশযাত্রীদের সাথে প্রতারণার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের আম্বরখানা-এয়ারপোর্ট রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।
অভিযানে বিদেশযাত্রীদের মেডিকেল টেস্টের সরকারি ফি ৮ হাজার ৫০০ টাকার বিনিময়ে ১২ হাজার ৫০০ টাকা আদায়ের তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করলে প্রতিষ্ঠানটির কোনো রেজিস্টার না থাকার পাশাপাশি পরীক্ষা বা রক্তের নমুনা ছাড়াই ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুর প্রমাণ মিলেছে।
সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শপথ গ্রহণ করায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে জরিমানা করা হয়েছে। পুনরায় অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।