কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার 'হাজি বিরিয়ানি' রেস্তোরাঁর বিরিয়ানি তৈরিতে ক্ষতিকর ও নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে প্রতিষ্ঠানটির রান্নাঘর এবং খাবার প্রস্তুতির পরিবেশে আরও বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে।
সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, হাজি বিরিয়ানিতে যে কেওড়া জল ব্যবহার করা হচ্ছিল, তা মূলত কিডনি ডায়ালাইসিসের রাসায়নিক কাজে ব্যবহৃত হয় এবং খাদ্যে এটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি বলেন, "রাসায়নিক মিশ্রিত এই কেওড়া জল গ্রহণ করলে কিডনি ও লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে খাদ্য তৈরিতে এর ব্যবহার থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।"
অভিযান চলাকালে হাজি বিরিয়ানির রান্নাঘরে নানা ধরনের স্বাস্থ্যবিধি লঙ্ঘন দেখা যায়। থালা-বাসন ধোয়ামোছায় কাপড়ের হুইল পাউডার ব্যবহার, খাদ্যকর্মীদের মাথায় হেয়ার নেট না থাকা এবং প্রস্তুত করা খাবার ঢাকনাবিহীন অবস্থায় ফেলে রাখার মতো বিষয়গুলো উদ্ঘাটিত হয়। এ ছাড়া কর্মচারীদের ব্যবহারের টয়লেটে সাবান বা হ্যান্ডওয়াশ পাওয়া যায়নি। এমনকি রান্নাঘর ও খাবার তৈরির পুরো স্থানে ছিল মাকড়সার জাল ও অপরিচ্ছন্ন পরিবেশ।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসান আল মারুফ বলেন, "ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযানকালে বাজারঘাটা এলাকার মুরগি, মাংস ও মুদি দোকানগুলোতেও তদারকি করা হয়। দোকানগুলোতে মূল্য তালিকা টাঙানো হয়েছে কি না, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে কি না এবং সঠিক ওজনে কেনাবেচা চলছে কি না—তা খতিয়ে দেখা হয় বলে জানান এই কর্মকর্তা।