ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে ডিমের দাম ধরে রাখা, অসাধু মুনাফাখোরি রোধ এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে বিভিন্ন কাঁচাবাজারে বিশেষ অভিযান চালানো হয়েছে। এই সমন্বিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার সময় আইন লঙ্ঘন ও ফুটপাত দখলের অপরাধে দুইটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (৩ অক্টোবর) ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিনব্যাপী ডিএসসিসির আওতাধীন ফকিরাপুল, কাপ্তান, বাসাবো বউ বাজার ও নবাবগঞ্জ বাজারসহ বেশ কয়েকটি এলাকায় একযোগে এই তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানকালে বাসাবো বউ বাজারে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে বিশেষ মোবাইল কোর্ট বসে। সেখানে ডিমের বিক্রয়মূল্য, পাইকারি ক্রয় রশিদ এবং মুনাফার হার যাচাই করা হয়। অতিরিক্ত মূল্য চার্জ না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ ছাড়া চলাচলের পথ সুগম করতে ফুটপাতে অবৈধভাবে রাখা মালামাল সরিয়ে ফেলা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আইন, ২০০৯ অনুযায়ী দুটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে, ফকিরাপুল বাজারে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান এবং কাপ্তান বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ডিমের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দাম নেওয়ার বিরুদ্ধে তারা ব্যবসায়ীদের কড়া বার্তা দেন।

এ ছাড়া নবাবগঞ্জ বাজারের অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী এবং অঞ্চল-৫-এর আওতাধীন কাঁচাবাজারে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়েনাল মোল্লা মোবাইল কোর্ট পরিচালনা করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনস্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সিটি করপোরেশনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।