চোখে একরাশ স্বপ্ন আর মনে প্রবল ইচ্ছা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে মো. শাকিব। সে রাজশাহী আলোর পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভাব-অনটনকে জয় করে বড় হওয়ার প্রত্যয়ে এগিয়ে চলা এই খুদে শিক্ষার্থীর লক্ষ্য ভবিষ্যতে একজন দক্ষ তড়িৎ প্রকৌশলী হওয়া। শাকিব এক ভাই ও এক বোনের মধ্যে ছোট। তার বাবা একজন ফার্নিচার মিস্ত্রি, যিনি কঠোর পরিশ্রম করে চার সদস্যের ছোট সংসার চালান। আর মা একজন গৃহিণী।

পরিবারের সীমিত সচ্ছলতা ও আর্থিক সীমাবদ্ধতা থাকলেও শাকিবের চোখে রয়েছে সুদূরপ্রসারী স্বপ্ন। পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানো এবং পরিবারের মুখে হাসি ফোটানোই তার মূল ব্রত। শাকিবের বিশ্বাস, নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করলে এবং পরিশ্রম চালিয়ে গেলে একদিন তার এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে। সে কেবল একটি পেশায় প্রতিষ্ঠিত হতে চায় না, বরং নিজের যোগ্যতা ও মেধার জোরে সমাজের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে চায়। রাজশাহী আলোর পাঠশালার পরিবেশ, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং সঠিক দিকনির্দেশনা শাকিবের স্বপ্নযাত্রাকে আরও সহজ করে তুলছে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তির জোরে শাকিব একদিন তার কাঙ্ক্ষিত লক্ষ্যের ঠিকানায় পৌঁছাতে সক্ষম হবে।