রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলাকালীন সময়ে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। নতুন এই নিয়ম অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো কোচিং সেন্টার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

গতকাল সোমবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের অনুরোধ করা হচ্ছে।

এই পদক্ষেপের বিষয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “স্কুল চলাকালে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে না থেকে কোচিং সেন্টারে চলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে স্কুলের সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।”

নির্দেশনা অমান্য করে কোনো কোচিং সেন্টার খোলা রাখা হলে সেখানে অভিযান চালানো হবে বলেও সতর্ক করেছেন তিনি। কোচিং সেন্টারগুলোর অনিয়ম নিয়ে জেলা প্রশাসক আরও বলেন, “কোচিং সেন্টার নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিংয়ের জন্য অগ্রিম টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব বিষয়েও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।”

গণবিজ্ঞপ্তিটি কার্যকর করতে পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।