গণঅধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের বিরুদ্ধে নৈতিকভাবে আপস করার ও বিক্রি হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, দলটির শীর্ষ নেতৃত্বের প্রায় সবাই ব্যক্তিগত স্বার্থে নিজেদের বিক্রি করে দিয়েছেন, ফলে এখন আর বিক্রি হওয়ার মতো কিছু অবশিষ্ট নেই।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরে আয়োজিত একটি নাগরিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “সভাপতি বিক্রি হয়েছেন, সেক্রেটারি বিক্রি হয়েছেন, মুখপাত্রও বিক্রি হয়েছেন। এই দলের বিক্রি হওয়ার আর কিছু বাকি নেই।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, সার ডিলার নিয়োগে দলীয় প্রভাব, সরকারি চাকরিতে নিয়োগ-বাণিজ্য এবং ব্যাপক দুর্নীতির প্রতিবাদ জানাতে এনসিপির শরীয়তপুর জেলা শাখা এই নাগরিক সভার আয়োজন করে।

সভায় সারজিস আলম অভিযোগ করেন যে, তাদের অনেক সহযোদ্ধার মধ্যে বর্তমানে ক্ষমতার লোভ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, গণঅধিকার পরিষদের প্রধান নেতা প্রতিমন্ত্রীর কাছে বিক্রি হয়েছেন। পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক একজন সহকারীর পদের লোভে নিজেকে বিক্রি করে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এছাড়া দলটির মুখপাত্রকে লক্ষ্য করে অভিযোগ করেন যে, তিনি উপসচিব পদমর্যাদার একটি পদের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছেন।

গণঅধিকার পরিষদের সাধারণ নেতাকর্মীদের উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, সারা দেশে যারা এই দলটির প্রতি আশাবাদী ছিলেন, যারা কঠোর পরিশ্রম করেছেন এবং নতুন রাজনীতির স্বপ্ন দেখেছিলেন, তাদের প্রতি তার বিশেষ আহ্বান রয়েছে। তিনি বলেন, গণ অধিকার পরিষদ তাদের যে রাজনৈতিক স্বপ্ন দেখিয়েছিল, দলটির নেতারা নিজেরাই তা ধ্বংস করেছেন। এই পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের দলটি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

সারজিস আলম আরও বলেন, “আপনারা সবাই এনসিপিতে যোগ দিন। আমরা ঐক্যবদ্ধভাবে এ দেশ গড়ার নেতৃত্ব দেব, ইনশাআল্লাহ।”

এনসিপির শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুজ তালুকদারের সঞ্চালনায় এই নাগরিক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং দলটির সদস্য ইমরান হোসেন সভায় বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরসহ এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।