নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরিচালক কক্ষের জানালার গ্রিল কেটে ৮ থেকে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এই দুঃসাহসিক চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার মাইজদী শহরের মধুসূদনপুর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালে এই চুরির বিষয়টি সামনে আসে।

হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের পরিচালক (অর্থ) ফারুক আল হুসাইন তাঁর অফিসের যাবতীয় কাজ শেষ করেন। এরপর তিনি ১০১ নম্বর কক্ষের ড্রয়ার এবং কাঠের লকারে হাসপাতালের আয়ের নগদ টাকা রেখে তালাবদ্ধ করে বাসায় চলে যান। পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে যখন তিনি পুনরায় তাঁর কক্ষে প্রবেশ করেন, তখন তিনি দেখেন যে কক্ষের কাগজপত্র সব ছড়ানো-ছিটানো হয়ে আছে এবং ড্রয়ারের তালা ভেঙে ফেলা হয়েছে।

তৎক্ষণাৎ পরীক্ষা করে তিনি জানতে পারেন যে, লকার ও ড্রয়ার থেকে ৮ থেকে ৯ লাখ টাকা চুরি হয়ে গেছে। এই ঘটনার পর হাসপাতালের পরিচালক ফারুক আল হুসাইন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

ঘটনাটি সম্পর্কে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”