প্রচলিত নিয়োগ প্রক্রিয়ার বাইরে গিয়ে ক্রীড়াবিদদের জন্য কর্মসংস্থানের বিশেষ সুযোগ তৈরি করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদ পূরণে ‘ট্রেইনি অফিসার’ থেকে শুরু করে ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও)’ পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীর শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলায় তাঁদের অংশগ্রহণের বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
বিশেষ করে প্রতিযোগিতামূলক খেলাধুলায় যাঁদের ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে, তাঁদের এই নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ প্রাধান্য দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নিম্নলিখিত যোগ্যতাসম্পন্ন খেলোয়াড়রা এই বিশেষ সুযোগ পাবেন—
“ক্রিকেট বা ফুটবলে দেশের স্বীকৃত প্রথম বিভাগ কিংবা প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী।”
“বাংলাদেশ জাতীয় বয়সভিত্তিক দলের হয়ে প্রতিনিধিত্বকারী বা অংশগ্রহণকারী।”
“জাতীয় পর্যায়ে স্বীকৃত বিভাগীয় বা জেলা দলের খেলোয়াড়।”
এছাড়া বর্তমানে করপোরেট স্পোর্টস (যেমন আন্তব্যাংক টুর্নামেন্ট) বা প্রতিযোগিতামূলক লিগে যারা সক্রিয় খেলোয়াড় হিসেবে যুক্ত আছেন, তাঁদের ক্ষেত্রেও এই সুযোগ প্রযোজ্য হবে।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার শর্ত হিসেবে ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.৫০ থাকতে হবে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০-এর মধ্যে অন্তত ৩.০০ থাকতে হবে (ও/এ লেভেলের ক্ষেত্রেও সমতুল্য ফলাফল প্রযোজ্য হবে)।
অভিজ্ঞতার ক্ষেত্রে ব্যাংকিং খাতে অন্তত ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের পাশাপাশি নতুন গ্র্যাজুয়েট বা ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। তবে বর্তমানে যেকোনো খ্যাতনামা ব্যাংকে কর্মরত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এছাড়া প্রার্থীর মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলসহ অফিশিয়াল কাজে পারদর্শিতা থাকা আবশ্যক।
বয়সসীমার কথা উল্লেখ করে জানানো হয়েছে, ট্রেইনি অফিসার পদের জন্য ২০ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর।
আবেদনকারীর সামগ্রিক যোগ্যতা, অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং স্পোর্টস ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে ট্রেইনি অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পর্যন্ত যেকোনো পদে নিয়োগ দেওয়া হবে। বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রার্থীর যোগ্যতা ও ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে। নিয়োগপ্রাপ্তদের দেশের যেকোনো স্থানে পদায়ন করা হতে পারে।
আগ্রহী প্রার্থীদের ২০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনে খেলাধুলার যাবতীয় অর্জন এবং বিভিন্ন লিগ ও টুর্নামেন্টে অংশগ্রহণের তথ্য স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক বাছাই প্রক্রিয়ার পর নির্বাচিত প্রার্থীদের লিখিত বা ব্যবহারিক পরীক্ষা এবং সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।