বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম সম্প্রসারণে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (এইচআর-চুক্তিভিত্তিক)’ পদে যোগ্য প্রার্থী খুঁজছে। স্নাতক ডিগ্রিধারী আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগের বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:

পদের নাম: কাস্টার সার্ভিস এক্সিকিউটিভ (এইচআর-চুক্তিভিত্তিক)।

পদসংখ্যা: এই পদের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি থাকলে তিনি আবেদনের যোগ্য হবেন না।

বয়স ও অভিজ্ঞতা: আবেদনকারীর বয়স অবশ্যই ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এই পদটি মূলত নতুনদের জন্য রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বা ব্যাংকিং খাতে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা: প্রার্থীর যোগাযোগ দক্ষতা এবং পারস্পরিক সম্পর্ক স্থাপনে বিশেষ পারদর্শিতা থাকতে হবে। পাশাপাশি এমএস অফিস এবং মৌলিক আইটি কার্যাবলিতে দক্ষ হতে হবে। উচ্চ নৈতিকতা, সততা এবং পেশাগত নীতিশাস্ত্র মেনে চলার মানসিকতা থাকা আবশ্যক। এছাড়া বাংলাদেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে আবেদনকারীকে।

প্রধান দায়িত্বসমূহ: নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে গ্রাহকদের আন্তরিক ও দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া, নতুন হিসাব খোলা এবং হিসাব রক্ষণাবেক্ষণসহ যাবতীয় ব্যাংকিং সেবায় সহায়তা প্রদান করতে হবে। এছাড়া ব্যাংকের বিভিন্ন আমানত, ঋণ, কার্ড এবং ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে গ্রাহকদের সঠিক ধারণা প্রদান, অভিযোগ ব্যবস্থাপনা এবং কেওয়াইসি (KYC) সহ অন্যান্য নিয়ন্ত্রক শর্তাবলি যথাযথভাবে নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে।

বেতন ও চাকরির ধরন: এই পদে নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন হবে ২৬ হাজার টাকা। চাকরির ধরন হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য এবং আবেদনের জন্য সংশ্লিষ্ট লিংকে প্রবেশ করার অনুরোধ জানানো হয়েছে।