কক্সবাজারের সদর উপজেলার খরুলিয়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানের সময় তিন লাখ ইয়াবা ফেলে পালিয়েছেন মাদক কারবারিরা। ঘটনাস্থল থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় মাদক কারবারি চক্রের সদস্যরা ইয়াবার চালান লেনদেনের জন্য জড়ো হয়েছেন—এমন খবর পেয়ে অভিযান চালায় ব্যাটালিয়নের একটি দল। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারি ছলিম উল্লাহ ও তার এক অজ্ঞাতনামা সহযোগী ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি ফেলে পালিয়ে যান। তাদের ধাওয়া করেও আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ কোটি টাকা।
এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া অটোরিকশাটিতে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, পলাতক মাদক কারবারিদের গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা ও অটোরিকশা কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।