নাটোর রেলওয়ে স্টেশন এলাকা থেকে চুরি হওয়া এক জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে নাটোর শহরের কাফুরিয়াপট্টি মহল্লা থেকে উক্ত ল্যাপটপটি উদ্ধার করা হয়।

এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ অন্তর কুমার সাহা (২০) নামের এক তরুণকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত গত বুধবার বিকেলে। নাটোর রেলওয়ে স্টেশনে অবস্থানকালে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়। জানা গেছে, ট্রেনের টিকিট কেনার জন্য তিনি যখন এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন, তখন ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে তাঁর ব্যাগটি রেখে যান, যাতে ল্যাপটপ ও ক্যামেরা ছিল। কিন্তু টাকা তুলে ফিরে এসে তিনি দেখেন যে ওই ব্যক্তি এবং তাঁর ব্যাগটি সেখানে আর নেই।

পরবর্তীতে ক্রিল জানতে পারেন, যার কাছে তিনি ব্যাগটি রেখেছিলেন তিনি রেলওয়ের কোনো কর্মকর্তা নন। এই ঘটনার পর তিনি নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজ রাত পৌনে ১০টার দিকে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, বিদেশি পর্যটকের ল্যাপটপটি চুরি হওয়ার পর থেকে পুলিশের সব কটি ইউনিট একযোগে কাজ করছিল। শনিবার রাতেও ল্যাপটপটি উদ্ধারের জন্য নাটোর পুলিশের একটি দল লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। আজ সন্ধ্যার পর ল্যাপটপটির সন্ধানে সদর থানার একটি দল শহরের কাফুরিয়াপট্টি মহল্লার নূর ক্লথ স্টোরে যায়। সেখানে অন্তর কুমার সাহা নামের এক তরুণ পুলিশকে জানান, তাঁর বাবা একটি ল্যাপটপ কুড়িয়ে পেয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে ওই মহল্লায় তাঁর বাড়ি থেকে ল্যাপটপটি পুলিশ উদ্ধার করে। পরে রাত পৌনে ১০টার দিকে ল্যাপটপসহ ওই তরুণকে সদর থানায় আনা হয়।

ওসি মনসুর রহমান আরও জানান, যাচাই–বাছাই করে ল্যাপটপটি ক্রিল ল্যান্ডারের বলে পুলিশ নিশ্চিত হয়েছে। মুঠোফোনে জার্মান পর্যটক ক্রিলের সঙ্গে কথা বলে তাঁর ল্যাপটপ খুঁজে পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। খবর শুনে তিনি আনন্দিত।