সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে বাঁশঝাড় থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অস্ত্রটি উদ্ধার করা হয়।

রোববার (১১ অক্টোবর) বিকেলে এসআরবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি অভিযানিক দল জানতে পারে যে, সুনামগঞ্জের ছাতক থানার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের সন্টু মিয়ার বসতবাড়ির উত্তর পাশে পাকা রাস্তা-সংলগ্ন একটি বাঁশঝাড়ের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এই সংবাদের ওপর ভিত্তি করে গভীর রাতে এসআরবি-৯-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এসময় সেখানে উপস্থিত অজ্ঞাতনামা দু-তিনজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান।

পরবর্তীতে পুলিশ ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে এবং একটি শপিং ব্যাগের ভেতরে মোড়ানো অবস্থায় বিদেশি রিভলবারটি উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্রটিতে ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিন বিদ্যমান রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, অস্ত্রটির এক পাশে ইংরেজিতে ‘USA’ লেখা রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে অজ্ঞাতনামা তিন ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।”