সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক এলাকায় একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ডিপ্লোমা প্রকৌশলী প্রাণ হারিয়েছেন।

গত শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ছাতকের চৌকা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম লুৎফুর রহমান (৩৯)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় ডিপ্লোমা প্রকৌশলী লুৎফুর রহমান গোবিন্দগঞ্জ এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে অবস্থিত আলী ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন।

নিহত লুৎফুর রহমানের মামা মে. ওবায়দুল হক মিলন জানান, সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে শান্তিগঞ্জের দামোধরতপি গ্রামে লুৎফুর রহমানের শ্বশুরবাড়ি। শুক্রবার রাতে তিনি তার কর্মস্থল গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে চৌকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি প্রচণ্ড গতিতে সড়কের পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।”