আটকের পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী হিসেবে মোদি বর্তমানে ‘ভারতের জন্য অস্বস্তির কারণ’।
ভারতের ইতিহাসে এর আগে এত বড় ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ আর দেখা যায়নি বলেও মন্তব্য করেন দিপকে।
গত শনিবার মুম্বাই থেকে দিল্লি আসার পথে দিল্লি পুলিশের হাতে উড়োজাহাজের ভেতর থেকেই আটক হন দিপকে। প্রায় ২৪ ঘণ্টা পুলিশি হেফাজতে থাকার পর আদালতের নির্দেশে তিনি মুক্তি পান।
আজ রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে অভিজিৎ দিপকে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এ দেশ আগে কখনো দেখেনি।’
শনিবার দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালানো হলেও দমে যায়নি সিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ রোববারও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দলটি। স্থানীয় সময় আজ বেলা দুইটায় সিজেপির একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি যাচ্ছিলেন অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকেই তাঁদের তিনজনকে আটক করা হয়।
আজ রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে দিপকে, রাঙ্কা ও সৌরভ দাসকে।
দিল্লির যন্তর মন্তরে সিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ প্রায় ৭ হাজার মানুষকে আটক করেছে বলে জানা গেছে।
অভিজিৎ দিপকে আটকের পর সিজেপির নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করা অজিঙ্কা শিন্ডে স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁদের আন্দোলন থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। রোববার আবারও যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা করবেন তাঁরা এবং নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন বলে ঘোষণা করেছেন তিনি।