আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যানুসারে, লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা মুক্তি পেয়েছেন। এএনআই-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দিল্লি পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, আইনের ৬৫ ধারার অধীনে প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের ক্ষেত্রে ভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, সিজেপি নেতৃত্বের দাবি, অভিজিৎ দিপককে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দিপকের অনুপস্থিতিতে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “দিপকেকে আটক করার আট ঘণ্টার বেশি পেরিয়ে গেছে। কিন্তু তিনি কোথায় আছেন, তা এখনো আমরা জানি না। তাঁকে আইনজীবী কিংবা আমাদের দলের সদস্যদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। কী কারণে তাঁকে আটক করা হয়েছে, তা-ও আমরা জানতে পারিনি।”

গত শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে একটি কর্মসূচি শুরুর আগেই পুলিশ অভিজিৎ দিপকেকে তাঁর বাসা থেকে আটক করে। উল্লেখ্য, এক সপ্তাহের ব্যবধানে এটি ছিল সিজেপি নেতার দ্বিতীয়বারের মতো আটক হওয়া। একই দিনে পুলিশ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেতা নেহা বোরাকেও যন্তর মন্তরের কাছ থেকে আটক করে। এর আগে ১০ অক্টোবর একবার তাঁকে আটক করা হলেও পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছিল।

সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বর্তমানে আটক রয়েছেন। তাঁরা পাঁচ দিনের পুলিশি হেফাজতে আছেন বলে জানা গেছে।

নয়াদিল্লি ফেরার পর অভিজিৎ দিপকে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ শীর্ষক একটি মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। গতকাল বিকেলে এই কর্মসূচিটি আয়োজনের কথা ছিল। তবে কর্মসূচি শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকের বাড়িতে একটি নোটিশ পাঠায়, যেখানে তাঁকে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করতে নিষেধ করা হয়।

পরবর্তীতে করোলবাগের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসা থেকে দিপকেকে তুলে নেয় পুলিশ। ঠিক একই সময়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কনট প্লেসে জড়ো হওয়া বিশাল জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।