নতুন জামা কেনার পর তা কীভাবে ধুতে হবে, কতটা গরম পানিতে কাচতে হবে বা ইস্ত্রি করার সময় কতটুকু তাপ ব্যবহার করা যাবে, এসব বিষয় নিয়ে অনেকেই ঠিক তেমনভাবে চিন্তা করেন না। অথচ জামাকাপড়ের ভেতরে সেলাই করা ছোট্ট লেবেলে বেশিরভাগ সময়ই এসব তথ্যের নির্দেশনা দেয়া থাকে। সেখানে থাকা ছোট ছোট চিহ্নের অর্থ জানা থাকলে কাপড়ের যত্ন নেওয়া অনেকটাই সহজ হয়ে যায়।
অনেক সময় ভুলভাবে কাপড় ধোয়া, শুকানো বা ইস্ত্রি করার কারণেই আমাদের প্রিয় পোশাকের রং নষ্ট হয়ে যায়, কাপড় কুচকে যায় কিংবা কাপড়ের আকৃতি বদলে যায়। বিশেষ করে সিল্ক, উল, সিনথেটিক কাপড় ও দামি পোশাক হলে একটু অসতর্কতাই বড় ক্ষতির কারণ হতে পারে। তাই পোশাকের লেবেলে থাকা ধোয়া ও যত্নের চিহ্নগুলো চিনে রাখা দরকার।
পোশাকের লেবেলে থাকা প্রধান পাঁচটি চিহ্ন
সাধারণত পোশাকের যত্ন নেওয়ার নির্দেশনায় পাঁচ ধরনের মূল চিহ্ন দেখা যায়। এগুলো হলো ধোয়া, ব্লিচ ব্যবহার, শুকানো, ইস্ত্রি এবং বিশেষ পদ্ধতিতে পরিষ্কার করার নির্দেশনা, যদি দরকার হয়।
পানির পাত্রের মতো চিহ্ন: কীভাবে ধুতে হবে
পানিভরা পাত্রের মতো দেখতে চিহ্নটি কাপড় ধোয়ার নির্দেশনা দেয়।
পাত্রের ভেতরে কোনো সংখ্যা থাকলে: সংখ্যাটি পানির সর্বোচ্চ তাপমাত্রা বোঝায়। যেমন, ৩০ লেখা থাকলে ৩০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রার পানিতে কাপড় ধোয়া উচিত।
পাত্রের ভেতরে হাতের চিহ্ন থাকলে: কাপড়টি হাতে ধোয়া ভালো। ওয়াশিং মেশিনে ধুলে কাপড় নষ্ট হতে পারে।
পাত্রের ওপর ক্রস চিহ্ন থাকলে: কাপড়টি পানি দিয়ে ধোয়া উচিত নয়। লেবেলে অন্য কোনো নির্দেশনা থাকলে সেটি অনুসরণ করতে হবে।
পাত্রের নিচে একটি দাগ থাকলে: তুলনামূলক কোমল পদ্ধতিতে ধুতে হবে।
পাত্রের নিচে দুটি দাগ থাকলে: আরও সতর্কভাবে, অতি কোমল পদ্ধতিতে ধোয়ার নির্দেশ বোঝায়।
ত্রিভুজের চিহ্ন: ব্লিচ ব্যবহার করা যাবে কি না
কাপড়ের দাগ তুলতে বা সাদা ভাব বজায় রাখতে অনেকে ব্লিচ ব্যবহার করেন। কিন্তু সব কাপড়ে ব্লিচ ব্যবহার করা নিরাপদ নয়।
খালি ত্রিভুজ: নির্দেশনা অনুযায়ী ব্লিচ ব্যবহার করা যেতে পারে।
ত্রিভুজের ভেতরে দুটি তির্যক দাগ: প্রয়োজন হলে ক্লোরিনবিহীন ব্লিচ ব্যবহার করা যায়।
ত্রিভুজের ওপর ক্রস চিহ্ন: ব্লিচ ব্যবহার করা যাবে না।
রঙিন পোশাকে ভুল ধরনের ব্লিচ ব্যবহার করলে রং উঠে যেতে পারে। তাই লেবেলের নির্দেশনা না জেনে ব্লিচ ব্যবহার না করাই ভালো।
বর্গাকার চিহ্ন: কাপড় শুকানোর নিয়ম
বর্গাকার চিহ্নটি কাপড় শুকানোর পদ্ধতি বোঝায়। এর ভেতরের চিহ্ন দেখে বোঝা যায়, কাপড় রোদে বা বাতাসে শুকাতে হবে, নাকি যন্ত্রের সাহায্যে শুকানো যাবে।
বর্গের ভেতরে বৃত্ত থাকলে: কাপড় ড্রায়ার মেশিনে শুকানো যেতে পারে।
বর্গের ভেতরে বৃত্তের ওপর ক্রস থাকলে: ড্রায়ার মেশিন ব্যবহার করা যাবে না।
বর্গের ভেতরে একটি অনুভূমিক দাগ থাকলে: কাপড় সমতল জায়গায় বিছিয়ে শুকানোর নির্দেশ বোঝাতে পারে।
বর্গের ভেতরে উল্লম্ব দাগ থাকলে: কাপড় ঝুলিয়ে শুকানোর নির্দেশ বোঝাতে পারে।
কাপড়ের লেবেলে ড্রায়ার ব্যবহারের অনুমতি না থাকলে অতিরিক্ত তাপে শুকানো থেকে বিরত থাকুন। এতে পোশাক সঙ্কুচিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইস্ত্রির চিহ্ন: কতটা তাপে ইস্ত্রি করবেন
ইস্ত্রির মতো দেখতে চিহ্নটি পোশাকে কতটা তাপ ব্যবহার করা যাবে, তা নির্দেশ করে।
ইস্ত্রির চিহ্নের ওপর ক্রস থাকলে: পোশাকটি ইস্ত্রি করা যাবে না।
ইস্ত্রির ভেতরে একটি বিন্দু থাকলে: কম তাপে ইস্ত্রি করতে হবে।
দুটি বিন্দু থাকলে: মাঝারি তাপে ইস্ত্রি করা যায়।
তিনটি বিন্দু থাকলে: তুলনামূলক বেশি তাপে ইস্ত্রি করা যায়।
সিল্ক, সিনথেটিক ও সূক্ষ্ম কাপড়ের ক্ষেত্রে কম তাপ ব্যবহার করা ভালো। কাপড়ের ধরন না জেনে বেশি তাপে ইস্ত্রি করলে পোশাকে পোড়া দাগ পড়তে পারে।
বৃত্তের চিহ্ন: বিশেষ পদ্ধতিতে পরিষ্কার
লেবেলে শুধু একটি বৃত্ত থাকলে সাধারণত পেশাদার ড্রাই ক্লিনিংয়ের নির্দেশ বোঝায়। কিছু পোশাক পানি দিয়ে ধুলে সঙ্কুচিত হতে পারে, রং নষ্ট হতে পারে কিংবা আকৃতি বদলে যেতে পারে। সে ক্ষেত্রে ড্রাই ক্লিনিং প্রয়োজন হতে পারে।
বৃত্তের ওপর ক্রস থাকলে: ড্রাই ক্লিনিং করা উচিত নয়।
বৃত্তের ভেতরে ইংরেজি অক্ষর থাকলে: পেশাদার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ দ্রাবক বা পরিষ্কারের পদ্ধতির নির্দেশ থাকতে পারে।
বৃত্তের ভেতরের অক্ষরগুলো সাধারণত ড্রাই ক্লিনিং পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ। তাই এমন নির্দেশনা থাকলে নিজে থেকে রাসায়নিক ব্যবহার না করে পেশাদার পরিষেবা নেওয়া ভালো।
পোশাকের লেবেল পড়ার সময় আরও যা মনে রাখবেন
শুধু চিহ্নের অর্থ জানলেই হবে না, কাপড় ধোয়ার সময় কয়েকটি বিষয়ও খেয়াল রাখতে হবে।
নতুন পোশাক প্রথমবার ধোয়ার আগে লেবেলটি পড়ে নিন।
সাদা, রঙিন ও গাঢ় রঙের কাপড় আলাদা করে ধুতে চেষ্টা করুন।
লেবেলে যে তাপমাত্রার কথা বলা আছে, তার চেয়ে বেশি গরম পানিতে কাপড় ধোবেন না।
সূক্ষ্ম কাপড়ের জন্য কোমল ডিটারজেন্ট ও উপযুক্ত ধোয়ার পদ্ধতি বেছে নিন।
কাপড়ের লেবেল না থাকলে বা নির্দেশনা স্পষ্ট না হলে প্রথমে কম তাপমাত্রার পানি ও কোমল পদ্ধতি বেছে নেওয়া নিরাপদ।
কাপড়ের গায়ে দাগ লাগলে জোরে ঘষার আগে কাপড়ের ধরন অনুযায়ী দাগ পরিষ্কারের পদ্ধতি যাচাই করুন।
জামাকাপড়ের লেবেলে থাকা ছোট ছোট চিহ্ন আসলে পোশাকের যত্ন নেওয়ার সহজ নির্দেশনা। এগুলোর অর্থ জানা থাকলে কাপড়ের রং, আকৃতি ও গুণমান দীর্ঘদিন ভালো রাখা যায়। তাই নতুন পোশাক কেনার পর শুধু দাম বা মাপ দেখেই থেমে থাকবেন না, ধোয়া ও যত্নের নির্দেশনাও একবার পড়ে নিন।
সূত্র: নিউজ ১৮ বাংলা