আবাসন খাতের স্থাপত্য নকশায় নান্দনিকতা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির এক অনন্য সমন্বয় ঘটিয়ে নতুন মানদণ্ড স্থাপন করেছে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেড (বিটিআই)। ঢাকার অভিজাত এলাকাগুলোতে তারা তাদের দুটি অত্যাধুনিক প্রকল্প বাস্তবায়ন করেছে।
ঢাকার আফতাবনগরে অবস্থিত সিটি পয়েন্ট হলো বিটিআইয়ের ‘ওয়েলনেস কমিউনিটিস’ ধারণার একটি অন্যতম প্রকল্প। ৩৫ কাঠা জমির ওপর নির্মিত এই প্রকল্পের তিনটি টাওয়ারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাসিন্দাদের সুস্থতা ও সামগ্রিক কল্যাণের ওপর। এখানে বসবাসকারীদের জন্য রাখা হয়েছে ব্যাডমিন্টন কোর্ট, প্রশস্ত হাঁটার পথ, হেলথ ক্লাব এবং ইনডোর গেমজ খেলার জায়গা। এছাড়া রয়েছে কমিউনিটি লাউঞ্জ, নামাজের স্থান এবং শিশু ও বড়দের জন্য আলাদা আলাদা সুইমিং পুল। এই প্রকল্পের ফ্ল্যাটগুলোর আকার ১৪৫০+ থেকে ১৭৫০+ বর্গফুট এবং তিন বেডরুমের প্রতিটি ফ্ল্যাট সব ধরনের প্রয়োজনীয়তা বিবেচনা করে অত্যন্ত যত্ন সহকারে নকশা করা হয়েছে।
অন্যদিকে, গুলশান অ্যাভিনিউতে ৩০ কাঠার তিন দিকে খোলা একটি প্লটে নির্মিত হয়েছে বিটিআই ল্যান্ডমার্ক, যা আধুনিক প্রযুক্তির এক অনন্য নিদর্শন। ভবনটির সামনের অংশে লো-ই ইনসুলেটেড টেম্পার্ড-অ্যামিনেটেড সেফটি গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সাথে যুক্ত করা হয়েছে অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামের লুভার। এই বিশেষ প্রযুক্তির ফলে সূর্যের তাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, যা বিদ্যুৎ খরচ প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনে। এছাড়া ভবনের নকশায় ভয়েডের ব্যবহার নিশ্চিত করা হয়েছে, যার ফলে সারা বছরই ভেতরে পর্যাপ্ত প্রাকৃতিক বাতাস প্রবাহিত হয়। গাড়ি পার্কিংয়ের জন্য এখানে তিনতলা বিশিষ্ট স্পেস রাখা হয়েছে। উল্লেখ্য যে, অগ্নিনিরাপত্তা ব্যবস্থার উৎকর্ষতার জন্য বিটিআই ল্যান্ডমার্ক ইএসএসএবি ফায়ার সেফটি অ্যাওয়ার্ড অর্জন করেছে।