সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামের এক ফার্নিচার মিস্ত্রিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) গুনাকরকাটি বাজারে অবস্থিত তার ফার্নিচারের দোকান থেকে রবিউল ইসলামকে আটক করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী হামিদা খাতুন জানান, সেই সময়ে তিনি একটি চাতালে কাজ করছিলেন। তিনি দাবি করেন, রবিউল ইসলামকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় দোকানের বাইরে রেখে দ্রুত দোকান বন্ধ করে চলে যেতে দেখেছেন তিনি। এরপর তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করে তার মাথায় পানি দেন। শিশুটি সুস্থ হয়ে ওঠার পর তার কাছ থেকে পুরো ঘটনার বিবরণ শোনেন তিনি। পরবর্তীতে শিশুটিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে পরিবারের সদস্যদের বিস্তারিত বিষয়টি অবহিত করেন হামিদা খাতুন।

এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত রবিউল ইসলামকে ধরে আটক করে রাখেন। খবর পেয়ে আশাশুনি থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে পুলিশের হেফাজতে নেন।

এই বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান মুক্তকণ্ঠকে জানান, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”