সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ গ্রামাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাঁধসংলগ্ন এলাকার মানুষ।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, কুড়িকাহুনিয়া এলাকায় বেড়িবাঁধের একটি অংশে ভাঙন ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। জোয়ারের পানির চাপে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ আরও দুর্বল হয়ে পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বাঁধ ভেঙে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

বাঁধ রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দারাই জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকানোর কাজে নেমেছেন। বস্তা, মাটি ও স্থানীয়ভাবে পাওয়া বিভিন্ন উপকরণ দিয়ে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ রক্ষার চেষ্টা করছেন তারা।

স্থানীয়রা জানান, বেড়িবাঁধটি ভেঙে গেলে শ্রীপুর-কুড়িকাহুনিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারেন। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও মৎস্যঘের প্লাবিত হওয়ার পাশাপাশি সুপেয় পানির সংকটও দেখা দিতে পারে।

এলাকাবাসীর দাবি, ভাঙনস্থলে দ্রুত পানি উন্নয়ন বোর্ডের জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সাময়িকভাবে মেরামতের পাশাপাশি ভবিষ্যতে স্থায়ীভাবে বাঁধ সংস্কার ও শক্তিশালী করারও দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আশঙ্কা, সময়মতো বাঁধ রক্ষা করা না গেলে জোয়ারের পানির চাপে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, ‘আমি শুনে ওই স্থান পরিদর্শনে ইতোমধ্যে রওনা হয়েছি। দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।’