সরকারি ও রাজনৈতিক ব্যস্ততার মাঝেও নিজ গ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন মহিলা ও শিশু বিষয়কমন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার ও শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের পর তিনি তার নিজ বাড়িতেই রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। মন্ত্রীর এই মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে অবস্থিত তার নিজ বাড়িতে এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। রাজনৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পর দিনের শেষ সময়ে তিনি রোগীদের দেখার জন্য সময় বরাদ্দ করেন।

তার এই উদ্যোগের কথা উল্লেখ করে স্থানীয় বাসিন্দা সাহিন আলম বলেন, “মন্ত্রী জাহিদ হোসেন অনেক ব্যস্ততার মধ্যেও গ্রামের মানুষের খোঁজখবর নেন। অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানো তার মানবিকতার পরিচয়।”

অন্যদিকে, হাকিমপুর উপজেলার বাসিন্দা আনছার আলী বলেন, “আমরা চাই, তিনি এভাবেই সাধারণ মানুষের পাশে থাকুন। এলাকার মানুষের সুখে-দুঃখে তাকে কাছে পাওয়া আমাদের জন্য আনন্দের।”

চিকিৎসাসেবা পাওয়া রোগীদের এক স্বজন জানান, সারা দিনের ব্যস্ততা শেষে রোগীদের সময় দেওয়া সত্যিই প্রশংসনীয়। এতে রোগী ও তাদের স্বজনেরা সাহস ও ভরসা পান।

নিজের এই কার্যক্রমের বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বিএনপি সরকার সাধারণ মানুষের সরকার। দেশের উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ সরকার অঙ্গীকারবদ্ধ। আমি একজন চিকিৎসক। সরকারি ও রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি নিজের এলাকার অসুস্থ মানুষের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখেই দায়িত্ব পালন করে যাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকা তার অন্যতম প্রধান দায়িত্ব। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজের এলাকার অসুস্থ ও অসহায় মানুষের খোঁজখবর নেওয়া এবং সাধ্য অনুযায়ী তাদের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করেন তিনি। সাধারণ মানুষ যেন প্রয়োজনের সময় যথাযথ চিকিৎসাসেবা পান, সেটিই তার প্রত্যাশা।