এসএসসি ও এইচএসসিতে অকৃতকার্য পরীক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মাহ্দী আমিন বলেন, এবার এসএসসি পরীক্ষায় প্রায় ৬ লাখ ৯ হাজার শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে সরকার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, এসব শিক্ষার্থীর জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে।

এসএসসিতে ভালো ফলাফল করলেই জীবনে সফলতা নিশ্চিত হয় না জানিয়ে তিনি বলেন, খারাপ ফলাফল মানেই জীবনে ব্যর্থতা নয়। কেউ খেলাধুলায়, কেউ সংস্কৃতিতে, কেউ বিজ্ঞানের উদ্ভাবনে আবার কেউ ব্যবসায় ভালো করতে পারে। একটি বিষয়ে খারাপ ফলাফলের কারণে একজন শিক্ষার্থীর অন্য সব মেধা ও সৃজনশীলতা নষ্ট হয়ে যায় না।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ ও ক্যারিয়ার গঠনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মাহ্দী আমিন।

তিনি বলেন, কারও জন্য কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা হতে পারে, কাউকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত করা হতে পারে। যাদের ভালো ব্যবসায়িক ধারণা রয়েছে, তাদের জন্য প্রাথমিকের অর্থায়নের সুযোগ তৈরির বিষয়টিও বিবেচনা করা হবে।

তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, সম্মেলনে শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে এক বছর অপেক্ষা না করে তিন মাসের মধ্যে আবার পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব এসেছে। সরকার বিষয়টি সর্বোচ্চ ইতিবাচকভাবে বিবেচনা করবে।

দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি।