চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় মাহবুব আলম (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এই ব্যক্তি একটি হত্যা মামলার আসামি এবং তার দেশত্যাগের ওপর আদালতের নিষেধাজ্ঞা কার্যকর ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে তাকে চেকপোস্ট থেকে আটক করা হয়। মাহবুব আলম কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া দরগাপাড়া এলাকার বাসিন্দা এবং আনসার শেখের ছেলে।
ঘটনা প্রসঙ্গে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, “মাহবুব আলমের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কুষ্টিয়া জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।