মাঠের বাইরের বিতর্কে উত্তপ্ত ইংলিশ ফুটবল জায়ান্ট ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়মাবলি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে ক্লাবটি, যার ফলে তাদের ওপর বড় ধরনের শাস্তির খাঁড়া ঝুলছে। তবে এই অস্থির পরিস্থিতির মধ্যেও দলের ফুটবলাররা মোটেও উদ্বিগ্ন নন বলে দাবি করেছেন সিটিজেনদের কোচ এনজো মারেসকা।

আর্থিক নিয়ম ভাঙার দায়ে ক্লাবটি দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথমবার গণমাধ্যমের সামনে এসে কোচ জানান, তার দলের বর্তমান লক্ষ্য হলো আগামী রোববার (১১ অক্টোবর) অ্যানফিল্ডের মাটিতে লিভারপুলকে পরাজিত করা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ক্লাবের নিজস্ব প্ল্যাটফর্মে দেওয়া এক সাক্ষাৎকারে রায়ের বিষয়ে কথা বলেন মারেসকা। আগামী রোববার লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে সিটি। রায় প্রকাশের পর এটিই হবে তাদের প্রথম ম্যাচ।

সাক্ষাৎকারে মারেসকা বলেন, ‘সত্যি বলতে, ব্যক্তিগতভাবে আমি খুব শান্ত আছি। ক্লাব তাদের অবস্থান স্পষ্ট করেছে। আমরা ক্লাবকে পুরোপুরি বিশ্বাস করি।’

চারপাশের নানা আলোচনা ও বিতর্ক সম্পর্কে অবগত থাকলেও ইতালিয়ান এই কোচ কেবল নিজেদের কাজের ওপরই গুরুত্ব দিতে চান। তার ভাষায়, ‘আমাদের মনোযোগ শুধু সেই বিষয়ে, যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর আমরা শুধু ফুটবলের দিকটাই নিয়ন্ত্রণ করতে পারি।’

প্রিমিয়ার লিগের একটি স্বাধীন কমিশন ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত মোট নয়টি মৌসুমে আর্থিক নিয়ম ভাঙার দায়ে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করেছে। এছাড়া তদন্ত প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করার অভিযোগেও ক্লাবটির বিরুদ্ধে রায় এসেছে। তবে এই অপরাধের জন্য ঠিক কী ধরনের শাস্তি দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি।

অন্যদিকে, নিজেদের নির্দোষ দাবি করে গত ১ অক্টোবর এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে ম্যানচেস্টার সিটি। ক্লাব কর্তৃপক্ষের দাবি, কমিশনের এই রায়ে আইনগত, নীতিগত এবং তথ্যগত অনেক গুরুত্বপূর্ণ ভুল রয়েছে। নিজেদের দাবির পক্ষে অকাট্য প্রমাণ রয়েছে বলেও তারা উল্লেখ করেছে।

আন্তর্জাতিক বিরতি শেষে ফুটবলাররা ক্লাবে ফেরার পর দলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মারেসকা। তার মতে, সামনের দুটি ম্যাচ নিয়ে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ও উচ্ছ্বাস রয়েছে। বিশেষ করে লিগের শীর্ষে অবস্থান করায় তাদের মূল লক্ষ্য এখন মাঠের সাফল্য ধরে রাখা।

খেলোয়াড়দের মানসিক অবস্থা সম্পর্কে মারেসকা বলেন, ‘তারা জানে চারপাশে আলোচনা হচ্ছে, কিন্তু সেসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না। এই মুহূর্তে তাদের ভাবনা, কীভাবে লিভারপুলকে হারানো যায় এবং সমর্থকদের সঙ্গে নিয়ে অ্যানফিল্ডে জেতা যায়।’

চলতি মৌসুমের প্রথম পাঁচটি লিগ ম্যাচেই জয়লাভ করেছে সিটি। লিভারপুল ম্যাচের তিন দিন পর চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে নিজেদের মাঠেই প্যারিস সেন্ট জার্মেইয়ের মুখোমুখি হবে মারেসকার শিষ্যরা।