নিজের একটি বাড়ি কেবল মাথা গোঁজার ঠাঁই নয়, বরং অনেকের কাছে এটি জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ, পরিবারের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়ার মতো একটি মূল্যবান সম্পদ। তবে এই স্বপ্ন পূরণের পথে অনেকেই একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হন—রেডিমেড বাড়ি বা ফ্ল্যাট কিনবেন, নাকি নিজের পরিকল্পনা অনুযায়ী বাড়ি তৈরি করবেন?
এই প্রশ্নের কোনো একক বা নির্দিষ্ট উত্তর নেই। সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে নির্ভর করে ব্যক্তির আর্থিক সক্ষমতা, জমির মালিকানা, জীবনযাত্রার ধরন, পরিবারের সদস্য সংখ্যা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অর্থায়নের উৎসের ওপর। যে সিদ্ধান্ত একজনের জন্য আদর্শ, অন্যজনের ক্ষেত্রে সেটি অনুপযুক্ত হতে পারে।
বাংলাদেশে গত কয়েক বছরে আবাসন খাতের দৃশ্যপটে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য বড় শহরগুলোতে কর্মব্যস্ত জীবন, জমির তীব্র সংকট এবং নির্মাণসামগ্রীর আকাশচুম্বী মূল্যবৃদ্ধির কারণে অনেকেই প্রস্তুত ফ্ল্যাট বা বাড়ি কেনার দিকে ঝুঁকছেন। এই পদ্ধতিতে নির্মাণকাজ তদারকির ঝামেলা থাকে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই বাসায় ওঠা সম্ভব হয়।
অন্যদিকে, যাঁদের নিজস্ব জমি রয়েছে কিংবা দীর্ঘ মেয়াদে নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়ি গড়ে তোলার পরিকল্পনা আছে, তাঁদের একটি বড় অংশ এখনো নিজস্ব বাড়ি নির্মাণকেই অগ্রাধিকার দিয়ে থাকেন। কারণ, এতে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বাড়ি সম্প্রসারণ, নকশা পরিবর্তন কিংবা অতিরিক্ত তলা নির্মাণের সুযোগ থাকে। বাস্তবে তাই রেডিমেড বাড়ি বা ফ্ল্যাট কেনা এবং নিজের বাড়ি নির্মাণ—দুই ধরনের প্রবণতাই দেখা যায়; কোনটি উপযুক্ত হবে, তা নির্ভর করে ব্যক্তিগত বাস্তবতার ওপর।
বাড়ি বা ফ্ল্যাট—দুটিই দীর্ঘমেয়াদি সম্পদ হতে পারে। তবে সম্পদের ধরন এবং ভবিষ্যৎ মূল্য অনেকটাই নির্ভর করে অবস্থান, নির্মাণ মান, আইনি বৈধতা, রক্ষণাবেক্ষণ এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নের ওপর।
প্রস্তুত বাড়ি বা ফ্ল্যাট কিনলে শুরু থেকেই একটি ব্যবহারযোগ্য সম্পদ পাওয়া যায়। অন্যদিকে নিজের জমিতে বাড়ি নির্মাণ করলে জমি ও স্থাপনা—দুইয়ের মূল্যই সময়ের সঙ্গে বাড়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ ব্যবস্থাপনা এবং উত্তরাধিকার বণ্টনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে শুধু সম্পদের সম্ভাব্য মূল্যবৃদ্ধির কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়; সম্পদটি দীর্ঘ মেয়াদে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে কি না, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
নিজস্ব একটি বাড়ি পরিবারকে শুধু স্থায়ী ঠিকানাই দেয় না, বরং মানসিক স্থিতিও তৈরি করে। বিশেষ করে সন্তানদের শিক্ষা, কর্মস্থলের স্থায়িত্ব কিংবা পরিবারের বয়স্ক সদস্যদের কথা বিবেচনা করলে স্থায়ী আবাসের গুরুত্ব আরও বেড়ে যায়। তবে ভবিষ্যতে কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা থাকলে কিংবা অন্য শহরে বসবাসের পরিকল্পনা থাকলে প্রস্তুত ফ্ল্যাট কেনা অথবা কিছু সময় ভাড়ায় থাকাও অনেকের জন্য বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে। আবার যাঁরা একটি নির্দিষ্ট এলাকায় দীর্ঘদিন বসবাস করতে চান, তাঁদের জন্য নিজস্ব বাড়ি নির্মাণ দীর্ঘ মেয়াদে বেশি উপযোগী হতে পারে।
বর্তমানে বাড়ি কেনা বা নির্মাণ—দুই ক্ষেত্রেই হোম লোন অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ অর্থায়নের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তবে লোন নেওয়ার আগে শুধু সুদের হার নয়, নিজের মাসিক আয়, ডাউন পেমেন্টের সক্ষমতা, নিয়মিত কিস্তি পরিশোধের সামর্থ্য এবং জরুরি সঞ্চয়ের বিষয়টিও গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন।
প্রস্তুত ফ্ল্যাট বা বাড়ি কেনার ক্ষেত্রে সাধারণত সম্পত্তির নির্ধারিত মূল্যের ভিত্তিতে ঋণ অনুমোদনের প্রক্রিয়া তুলনামূলক সহজ হয়। অন্যদিকে বাড়ি নির্মাণের ক্ষেত্রে নির্মাণের অগ্রগতি, ব্যয়ের ধাপ এবং প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও অর্থায়নের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আর্থিক পরিকল্পনার সঙ্গে কোন বিকল্পটি বেশি সামঞ্জস্যপূর্ণ, সেটি মূল্যায়ন করা জরুরি।
এসব বিষয়ে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, “ফ্ল্যাট বা বাড়ি কেনা অথবা নির্মাণ—দুটিই দীর্ঘমেয়াদি আবাসন পরিকল্পনার অংশ। তবে প্রত্যেকের প্রয়োজন ও আর্থিক সক্ষমতার ওপর ভিত্তি করে পছন্দ ভিন্ন হতে পারে। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে গ্রাহক তুলনামূলক কম সময়ে নিজস্ব আবাসনে বসবাস শুরু করতে পারেন এবং নির্মাণের সময়, ব্যবস্থাপনা ও নানা ঝুঁকি কম থাকে।”
এম নাজিম এ চৌধুরী আরও বলেন, “নিজস্ব জমি থাকা এবং নিজের মতো করে বাড়ির নকশা ও নির্মাণ করতে আগ্রহী গ্রাহকের জন্য নির্মাণ–ঋণ বেশি উপযোগী। এ ক্ষেত্রে ধাপে ধাপে নির্মাণ ব্যয় মেটানোর সুযোগ থাকায় নিজের মতো পরিকল্পনাও করা যায়। এই সময়ে প্রাইম ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় রেখে নানা ধরনের হোম লোন–সুবিধা দিচ্ছে। নিজের বাড়ি শুধু বসবাসের জায়গা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দীর্ঘমেয়াদি সম্পদ, যা সময়ের সঙ্গে মূল্য সৃষ্টি করতে পারে এবং আর্থিক নিরাপত্তার ভিত্তি হিসেবে কাজ করে।”
পরিশেষে, বাড়ি কেনা বা নির্মাণ—দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত। তাই অন্যের অভিজ্ঞতা বা প্রচলিত ধারণার ওপর নির্ভর না করে নিজের প্রয়োজন, আর্থিক বাস্তবতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার আলোকে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ।