নিজের একটি স্থায়ী ঠিকানা বা নিজস্ব বাড়ি থাকবে—এই স্বপ্ন অনেকেরই জীবনের অন্যতম বড় লক্ষ্য। তবে এই স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় প্রশ্নটি হয়ে দাঁড়ায়, এখনই কি নিজের আবাস কেনার সঠিক সময়, নাকি আরও কিছুকাল ভাড়া বাসায় থাকাই শ্রেয়? এই প্রশ্নের কোনো নির্দিষ্ট বা একক উত্তর নেই। কারণ, এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে একজন ব্যক্তির আর্থিক সামর্থ্য, জীবনযাত্রার ধরন, ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান বাজার পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদি লক্ষ্যের ওপর নির্ভর করে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে যেমন আর্থিক চাপ কমানো সম্ভব, তেমনি ভবিষ্যতের জন্য একটি মজবুত ও স্থিতিশীল ভিত্তি তৈরি করা যায়।
কখন নিজের বাড়ি কেনার কথা ভাববেন
একটি নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট কেবল একটি স্থায়ী ঠিকানা নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদি সম্পদ। নিয়মিত কিস্তি পরিশোধের মাধ্যমে ধীরে ধীরে এই সম্পদের মালিকানা তৈরি হয় এবং ভবিষ্যতে সম্পত্তির মূল্য বৃদ্ধির মাধ্যমে আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া পরিবারের নিরাপত্তা, স্থায়িত্ব এবং মানসিক প্রশান্তির দিক থেকেও নিজস্ব বাড়ির গুরুত্ব অপরিসীম।
তবে এই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু মৌলিক বিষয় খতিয়ে দেখা জরুরি। যেমন—আপনার মাসিক আয় স্থিতিশীল কি না, নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠেছে কি না এবং ডাউন পেমেন্টের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব কি না। পাশাপাশি, মাসিক কিস্তি পরিশোধ করার পরেও দৈনন্দিন জীবনযাত্রার খরচ এবং জরুরি তহবিলের প্রয়োজনীয়তা বজায় রাখা সম্ভব হবে কি না, তা ভেবে দেখতে হবে। যদি এই প্রশ্নগুলোর অধিকাংশের উত্তর ইতিবাচক হয়, তবেই নিজের বাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা শুরু করার উপযুক্ত সময় বলে ধরে নেওয়া যায়।
হোম লোন নেওয়ার সঠিক সময় নির্ধারণ
এককালীন অর্থ দিয়ে বাড়ি বা ফ্ল্যাট কেনা অনেকের জন্যই দুঃসাধ্য। এমন পরিস্থিতিতে গৃহঋণ বা হোম লোনই হয়ে ওঠে প্রধান ভরসা। তবে লোন নেওয়ার ক্ষেত্রে কেবল সুদের হারের দিকে তাকালে চলবে না, বরং নিজের প্রকৃত আর্থিক সক্ষমতা যাচাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লোন নেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে, মাসিক কিস্তির পরিমাণ আপনার মোট আয়ের এমন একটি অংশ হবে, যাতে তা পরিশোধ করতে গিয়ে জীবনযাত্রার মান বা অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বাধাগ্রস্ত না হয়। সেই সঙ্গে যেকোনো আকস্মিক পরিস্থিতির জন্য আলাদা সঞ্চয় রাখা উচিত।
এছাড়া লোন চূড়ান্ত করার আগে আরও কিছু বিষয় যাচাই করা প্রয়োজন। যেমন—বিভিন্ন ব্যাংকের সুদের হার ও অন্যান্য চার্জের তুলনা করা, ঋণের মেয়াদ এবং কিস্তির পরিমাণ বুঝে নেওয়া, আগাম ঋণ পরিশোধের শর্তাবলী সম্পর্কে জানা এবং নিজের ক্রেডিট ইতিহাস ও আর্থিক সক্ষমতা মূল্যায়ন করা। মনে রাখতে হবে, শুধু কম সুদের হার দেখেই লোন নেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়; বরং ঋণের সামগ্রিক কাঠামো এবং দীর্ঘমেয়াদি দায়ভার বিবেচনায় নেওয়া জরুরি।
প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, ‘নিজস্ব বাড়ি কেনা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত। তাই এটি কেবল আবেগের ভিত্তিতে নয়, বরং সুপরিকল্পিত আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করে নেওয়া উচিত। স্থিতিশীল আয়, পর্যাপ্ত ডাউন পেমেন্ট এবং মাসিক কিস্তি নির্বিঘ্নে পরিশোধের সক্ষমতা নিশ্চিত হওয়ার পরই হোম লোন নেওয়ার সিদ্ধান্ত সবচেয়ে যুক্তিযুক্ত।’
এম নাজিম এ চৌধুরী আরও বলেন, ‘বর্তমান বাজারে গ্রাহকদের শুধু ইন্টারেস্ট হার নয়, ঋণের মোট ব্যয়, পরিশোধের শর্ত, সেবার মান এবং ব্যাংকের নির্ভরযোগ্যতাও বিবেচনায় নেওয়া উচিত। সঠিক পরিকল্পনা ও দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে হোম লোন দীর্ঘ মেয়াদে একটি মূল্যবান সম্পদ গঠনের কার্যকর মাধ্যম হতে পারে।’
পরিশেষে, ভাড়া বাসায় থাকা কিংবা নিজস্ব বাড়ি কেনা—পরিস্থিতি অনুযায়ী দুটি সিদ্ধান্তই যৌক্তিক হতে পারে। তবে যদি আপনার আর্থিক ভিত্তি মজবুত হয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা স্পষ্ট থাকে এবং হোম লোনের কিস্তি নিয়মিত পরিশোধের সক্ষমতা থাকে, তবে নিজের স্থায়ী আবাসের স্বপ্ন পূরণের জন্য এখনই হতে পারে সবচেয়ে সঠিক সময়।