চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের চুক্তির তীব্র বিরোধিতা করে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে (সাবেক বিডা) ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দরের এই কনসেশন চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছরের জন্য প্রতিষ্ঠানটি এই টার্মিনাল পরিচালনা করবে।

এই চুক্তির প্রতিবাদ জানাতে আজ বেলা দুইটার পর থেকেই ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে সিপিবি, বাসদসহ বিভিন্ন বামপন্থী সংগঠন ও তাদের সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা পৌনে তিনটার দিকে পুলিশ সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা শুরু করে এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা আজ সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিডা ভবনের সামনে এসেছিলাম। আমরা মনে করি, এ চুক্তি বাংলাদেশকে বিক্রি করার শামিল। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পৃক্ততা আছে, তাদের ওয়েবসাইটে গেলে বিষয়টি বোঝা যাবে।’

সাজ্জাদ জহির আরও অভিযোগ করে বলেন, ‘ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দেওয়ার মনে হলো, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। আমাদের নৌবন্দর, বিমানবন্দর—সব ব্যবহার করবে তারা।’

পুলিশি অ্যাকশনের বিষয়ে তিনি বলেন, ‘এর প্রতিবাদ করার জন্যই আজ আমরা এখানে এসেছি। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ছিল। শান্তিপূর্ণ সমাবেশের এক পর্যায়ে পুলিশ বিনা উসকানিতে লাঠিপেটা করে। আজ যাঁরা বাংলাদেশটাকে আমেরিকার কাছে, ডিপি ওয়ার্ল্ডের কাছে বিক্রি করে দিচ্ছেন, তাঁরা আজীবন দেশের বিশ্বাসঘাতক, বেইমান হিসেবে চিহ্নিত হবেন। আমরা বামপন্থীরা লড়াইয়ের মাঠে থাকব। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা দেশের বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা করব।’

সিপিবি সূত্রে জানা গেছে, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশ ব্যাপক লাঠিপেটা চালিয়েছে। এই ঘটনায় সাজ্জাদ জহির চন্দনসহ বেশ অনেক নেতা ও কর্মী আহত হয়েছেন।