আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচটি সম্পন্ন হওয়ার পর আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন বেনিনের কোচ গেরনট রোহর। জার্মান এই কোচ অভিযোগ করেছেন যে, তাঁর দলের খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন করা হয়নি এবং তাঁদের অবমূল্যায়ন করা হয়েছে।
গতকাল সকালে বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। একটি প্রীতি ম্যাচে ৩-০ গোলের বড় জয় পায় তারা। তবে এই ম্যাচটি ছিল বিশেষ, কারণ দেশের হয়ে এটিই ছিল কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির শেষ ম্যাচ। খেলা শেষে যখন আর্জেন্টিনার খেলোয়াড়রা মেসির বিদায় উদ্যাপন করছিলেন, তখন বেনিনের খেলোয়াড়রা প্রথা অনুযায়ী জার্সি বদল করতে এগিয়ে যান। কিন্তু অভিযোগ উঠেছে, তাঁদের সেই অনুরোধ উপেক্ষা করা হয় এবং শেষ পর্যন্ত তাঁদের খালি হাতেই ফিরতে হয়। ফরাসি রেডিও স্টেশন আরএমসির ‘রথেন সঁফ্লাম’ অনুষ্ঠানে কথা বলার সময় এই ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করেন কোচ রোহর।
ম্যাচের আগে রোহর নিজেই মেসির অটোগ্রাফ পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর আগে নাইজেরিয়ার জাতীয় দলের কোচ থাকাকালীন মেসি তাঁকে একটি জার্সি উপহার দিয়েছিলেন। ফুটবল মহলের এই কিংবদন্তির শেষ ম্যাচে সেই জার্সিতে একটি অটোগ্রাফ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল তাঁর। যদিও শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হয়েছে, তবুও আর্জেন্টিনার আতিথেয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নাইজেরিয়ার প্রাক্তন কোচ রোহর।
বেনিনের এই কোচ বলেন, ‘হ্যাঁ, বিষয়টি অত্যন্ত কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি। আফসোসের বিষয় হলো, আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি। মেসির সঙ্গে কোনো ছবি নয়, কোনো জার্সিও নয়। তারা আমাদের টানেলেও ঢুকতে দেয়নি, এমনকি ড্রেসিংরুমেও নয়।’
নিরাপত্তা ব্যবস্থার কঠোরতার কথা উল্লেখ করে রোহর আরও যোগ করেন, ‘নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা কাউকে ঢুকতে দেয়নি। আমাদের কিছু খেলোয়াড় জার্সি বদল করতে গিয়েছিল, তাই আমরা জানতাম যে কাজটা কঠিন হবে। আমরা সব রকম চেষ্টা করেছি, কিন্তু কিছুই পাইনি।’
মেসির অটোগ্রাফ পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, ‘আমরা বেনিনের রঙে রাঙানো-হলুদ, লাল ও সবুজ রঙের এক তোড়া ফুল উপহার দিয়েছিলাম, কিন্তু তাতে কাজ হয়নি। তবে, আমি ২০১৮ সালের মেসির জার্সিটি কোচ স্কালোনির হাতে দিয়েছিলাম, তিনি সেটি মেসির কাছ থেকে সই করিয়ে আমার কাছে ফিরিয়ে দেন। ব্যস, ওটুকুই।’