আদালতের বিশেষ নির্দেশে ময়নাতদন্তের উদ্দেশ্যে চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান এবং তার পুত্র চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের খান বাড়ির পারিবারিক কবরস্থান থেকে এই প্রক্রিয়া চালানো হয়। প্রথমে সেলিম খানের মরদেহ এবং পরবর্তীতে তার ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন করা হয়।

মরদেহ উত্তোলনের পুরো প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) চাঁদ মিয়া।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসকের অনুমোদনের পর আদালতের নির্দেশ অনুযায়ী মরদেহ উত্তোলনের কাজ সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র স্বত্বাধিকারী ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।

সেলিম খানের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণসহ নানা বিষয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাজস্ব ফাঁকিসহ একাধিক মামলা থাকার তথ্য জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার চেষ্টা করার সময় উত্তেজিত জনতার পিটুনিতে সেলিম খান ও তার ছেলে শান্ত খান নিহত হন।

এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলার তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপের অংশ হিসেবে আদালত কবর থেকে মরদেহ দুটি উত্তোলন করে ময়নাতদন্ত করার নির্দেশ প্রদান করেন।