রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
গ্রেপ্তার হওয়া ওমর ফারুক রুমী শাহরাস্তি উপজেলার চিতোষী ইউনিয়নের কসবা গ্রামের নুরুল ইসলাম মিয়ার সন্তান। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি স্থানীয় পর্যায়ে আলোচনায় আসেন। জানা গেছে, ওই নির্বাচনে সরাসরি মাঠ পর্যায়ে তার জন্য কাজ করেছেন তৎকালীন সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ওমর ফারুকের বিরুদ্ধে বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে অর্থ জোগানের গুরুতর অভিযোগ রয়েছে। গোয়েন্দা পুলিশের দাবি, সম্প্রতি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করিয়ে এলাকায় সহিংস তৎপরতা চালানোর জন্য তিনি অর্থের জোগান দিয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের অন্যতম অর্থদাতা হিসেবে তার সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে চলতি বছরের ১৫ জানুয়ারি প্রকাশিত ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যদের তালিকায় ওমর ফারুক রুমীর নাম অন্তর্ভুক্ত ছিল।
পুলিশ আরও জানিয়েছে, তার বিরুদ্ধে শাহরাস্তি ও ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে। শাহরাস্তি থানার একটি এজাহারের কপিতে দেখা যায়, ২০২৫ সালের ২৩ জুন সন্ধ্যায় শাহরাস্তির ওয়ারুক স্টেশন বাজারে সরকারবিরোধী মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় ওমর ফারুক রুমীকে ৪৩ নম্বর আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়ের হওয়া ওই এজাহারে তাকে সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “তিনি ঢাকায় গ্রেপ্তার হয়েছেন বলে জেনেছি। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।”