প্রতিকূল পরিবেশ ও নানা বাধা কাটিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এক বিশেষ সংবর্ধনা প্রদান করেছে সামাজিক সংগঠনগুলোর যৌথ প্ল্যাটফর্ম ‘স্বপ্নসারথী’। মঙ্গলবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘স্বপ্নসারথী: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান’ শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের কঠিন সংগ্রাম, প্রতিবন্ধকতা জয় করার গল্প এবং ভবিষ্যতের স্বপ্নগুলো সবার সামনে তুলে ধরে। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের শিক্ষকেরাও নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষা ও সামাজিক কার্যক্রমের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
স্বপ্নসারথীর প্রধান উপদেষ্টা এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবদুল আউয়াল এই আয়োজনের উদ্বোধন করেন। তার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও মসৃণ করতে এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে সম্মিলিত সামাজিক উদ্যোগের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন প্রখ্যাত লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক। তিনি শিক্ষার্থীদের ভয় জয় করে নিজেদের সামর্থ্য অনুযায়ী সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনসংগ্রামের উদাহরণ টেনে তিনি বলেন, “প্রতিকূল পরিবেশ বা আর্থিক অসচ্ছলতা নয়; বরং অধ্যবসায়, আত্মবিশ্বাস ও এগিয়ে যাওয়ার মানসিকতাই মানুষকে সফলতার চূড়ায় পৌঁছে দেয়।”
শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্যে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রতিকূলতা পেরিয়ে পড়ালেখা অব্যাহত রাখতে হবে এবং অর্জিত শিক্ষা ও মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, “সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ ব্যাপকভাবে সম্প্রসারণ করতে কেবল একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এ জন্য সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা (এনজিও) ও সামাজিক সংগঠনগুলোর একটি কার্যকর সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।”
অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘স্বপ্নসারথী’ হলো দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের একটি যৌথ প্ল্যাটফর্ম, যা সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা, মানবিক উন্নয়ন এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।