দুর্নীতি দমন কমিশন বা দুদকের নথিতে বর্তমানে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের প্রায় আট হাজার মামলা ও অনুসন্ধানের ফাইল জমে রয়েছে। প্রাপ্ত তথ্যানুসারে, এর মধ্যে প্রায় তিন হাজার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান এবং প্রায় পাঁচ হাজার অভিযোগের অনুসন্ধান চলছে। এছাড়া আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় চার হাজার।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রায় ছয় মাস কমিশন শূন্য থাকায় দুদকের কার্যক্রমে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছিল, যার ফলে নথির পাহাড় জমেছে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এই জট দ্রুত কাটছে না। তাঁদের ভাষ্যমতে, বর্তমান কমিশন প্রতিটি বিষয় অত্যন্ত সতর্কতার সাথে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে প্রক্রিয়ায় কিছুটা দেরি হচ্ছে।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুদকের চেয়ারম্যান হিসেবে এবং জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ৩ মার্চ তৎকালীন চেয়ারম্যান ও তিন কমিশনার পদত্যাগ করেছিলেন।
সূত্রমতে, দুদক একটি কমিশননির্ভর প্রতিষ্ঠান। কমিশনের অনুমোদন ছাড়া দুর্নীতি, অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান, মামলা দায়ের এবং তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়া সম্ভব হয় না। ফলে কমিশন না থাকলে পুরো কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
মাঠপর্যায়েও দুদকের সীমাবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে। কমিশনের কার্যালয় রয়েছে মাত্র ৩৬টি জেলায়, বাকি ২৮টি জেলায় কোনো কার্যালয় নেই। ফলে ওই জেলাগুলোর নথির নিয়মিত তদারকি করা সম্ভব হচ্ছে না।
জানা গেছে, বর্তমান চেয়ারম্যান ও দুই কমিশনারের টেবিলে এক হাজারের বেশি নথি জমে আছে। এর মধ্যে চেয়ারম্যানের কাছে আগের কমিশনের সিদ্ধান্তহীন প্রায় ৩০০ নথি, অনুসন্ধানের দায়িত্বে থাকা কমিশনারের কাছে প্রায় ৫০০ এবং তদন্ত দায়িত্বপ্রাপ্ত কমিশনারের কাছে প্রায় ২৫০টি নথি রয়েছে।
দুদকের পরিসংখ্যান অনুযায়ী, আদালতে বিচারাধীন মামলার মধ্যে ১০০০ থেকে ১ হাজার ২০০টি মামলা বিচারের জন্য প্রস্তুত (রেডি ফর ট্রায়াল), যা বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।
এই পরিস্থিতি সম্পর্কে দুদকের সচিব মো. সাইদুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “নথির জট যাতে দ্রুত কমিয়ে আনা যায়, সে জন্য কর্মকর্তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।”
দুদকের তথ্য অনুযায়ী, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বর মাসে ৫৪টি মামলা করা হয়েছে, যাতে ২৯৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ২২টি অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে, যেখানে ৮৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। ২১ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এবং ২০৬টি নতুন অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। ২৪ জনের সম্পদ বিবরণী চাওয়া হয়েছে।
অক্টোবর মাসে ১৬৯ ব্যক্তির বিরুদ্ধে ৮৫টি মামলা হয়েছে এবং ৮৪ জনকে অভিযুক্ত করে ২৫টি অভিযোগপত্র দেওয়া হয়েছে। পাঁচ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে ১৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই মাসে ৬৭টি নতুন অনুসন্ধান শুরু এবং ৫৭ জনের সম্পদ বিবরণী চাওয়া হয়েছে।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দুদকের কর্মকর্তারা জানান, গত দুই মাসে সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৭৩৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৫৮১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে অভিযোগপত্র দাখিল করেছে দুদক। এছাড়া কয়েকজন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
সম্পদ জব্দের হিসাবে দেখা যায়, সেপ্টেম্বর মাসে পাঁচটি আদেশে ৬৮ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭৬ টাকার সম্পদ জব্দ এবং ৮০৮ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৫৯৮ টাকা অবরুদ্ধ করা হয়েছে। অক্টোবরে ২ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৩৮০ টাকার সম্পদ জব্দ এবং ১৬৭ কোটি ২৫ লাখ ৯১ হাজার ৮৩৮ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দেশের শীর্ষ ১০টি শিল্পগোষ্ঠীর অবৈধ অর্জন, কর ফাঁকি ও অর্থ পাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত শুরু করেছে দুদক, পুলিশের সিআইডি এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর মধ্যে ৬টি গ্রুপের তদন্তের নেতৃত্ব দিচ্ছে দুদক এবং ৪টির নেতৃত্বে আছে সিআইডি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই শিল্পগোষ্ঠীগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত কমিশন শুরুতে কিছু কাজ করলেও পরবর্তীতে গতি কমেছে।
এ বিষয়ে দুদকের সচিব জানান, গুরুত্বপূর্ণ অনুসন্ধান ও মামলার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং তাঁদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গুরুত্বের ভিত্তিতে কাজ করার পরামর্শ দিয়ে মুক্তকণ্ঠকে বলেন, “চুনোপুঁটি না ধরে রুই–কাতলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।” তিনি আরও বলেন, কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতার ঘাটতি রয়েছে এবং অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তাই সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে এবং অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর হওয়া ঢালাও মামলার সমালোচনা করে ইফতেখারুজ্জামান বলেন, “জন্মলগ্ন থেকেই দুদককে ক্ষমতাসীনরা প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। এটা খুবই দুঃখজনক। এখান থেকে দুদককে বেরিয়ে আসতে হবে।”