দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের শূন্য পদে নতুন করে ৯১৪ জন মিডওয়াইফ (১০ম গ্রেড) নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসিতে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখা থেকে এই সংক্রান্ত একটি চিঠি পিএসসিতে প্রেরণ করা হয়।

জানা গেছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে পরিচালিত বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বর্তমানে মিডওয়াইফ (১০ম গ্রেড) পদে মোট ১ হাজার ১৫টি শূন্য পদ রয়েছে। এই মোট শূন্যপদের মধ্যে ১০ শতাংশ পদ সংরক্ষণ রেখে বাকি ৯১৪টি পদে সরাসরি নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্যে পিএসসির নির্ধারিত রিকুইজিশন ফরম, পদ বিন্যাস এবং প্রয়োজনীয় চেকলিস্ট যথাযথভাবে পূরণ করে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এরপর স্বাস্থ্য সেবা বিভাগ পিএসসিকে অনুরোধ জানিয়েছে যেন তারা এই প্রস্তাবগুলো পর্যালোচনা করে ৯১৪টি পদে সরাসরি নিয়োগের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করে।

সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে মিডওয়াইফদের এই শূন্য পদগুলো পূরণ হলে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় বিদ্যমান জনবলসংকট অনেকাংশে হ্রাস পাবে। বিশেষ করে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে প্রসবকালীন সেবা প্রদান, গর্ভকালীন সঠিক পরিচর্যা এবং প্রসব-পরবর্তী প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।