প্রান্তিক পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘প্রাইমারি হেলথ কেয়ার হাব’ বা ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্নের জবাব দেওয়ার সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম এক প্রশ্ন উত্থাপন করলে তার জবাবে প্রতিমন্ত্রী জানান, ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘প্রাইমারি হেলথ কেয়ার হাব’ ও ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, সেখানে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের প্রাথমিক শনাক্তকরণে কাজ করছেন।

অন্যদিকে, সংসদ সদস্য মুসাম্মৎ শাম্মী আক্তারের করা আরেকটি প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ড. মুহিত দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসকের পদসংখ্যার চিত্র তুলে ধরেন। তিনি জানান, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুমোদিত পদ ১৩ হাজার ৩৬টি। বর্তমানে এর মধ্যে ৬ হাজার ৭৪৮টি পদে চিকিৎসক কর্মরত আছেন এবং ৬ হাজার ২৮৮টি পদ শূন্য রয়েছে। এই শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে ইতোমধ্যে চার হাজারের বেশি চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে তিনি জানান।

নবনিয়োগকৃত চিকিৎসকদের কর্মস্থলে ধরে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করে তিনি বলেন, “নতুন চিকিৎসকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রসমূহে বাধ্যতামূলকভাবে পদায়ন করা হয়। সরকারি বিধি অনুযায়ী, চাকরিকাল দুই বছর পূর্ণ হওয়ার আগে তাদের অন্য কোথাও বদলি বা ডেপুটেশনে যাওয়ার সুযোগ নেই। কেবল দুই বছর পর উচ্চশিক্ষার জন্য তারা শিক্ষা ছুটি বা ডেপুটেশনে যেতে পারেন।” এছাড়া বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ইতোমধ্যে প্রায় এক হাজার চিকিৎসককে উপজেলা পর্যায়ে পদায়ন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের আগাম প্রস্তুতি সম্পর্কে আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম এ মুহিত বলেন, “ডেঙ্গু মৌসুম শুরুর তিন-চার মাস আগে থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে লার্ভা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।” তিনি আরও জানান, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের সব ধরনের টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়নের লক্ষ্যে গত দুই মাসে দুই হাজার চিকিৎসককে ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট’-এর ওপর রিফ্রেশার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।