বিদায়ের মুহূর্তগুলো সব সময়ই বেদনার হয়। মাঠের সবুজ ঘাসে দাঁড়িয়ে হয়তো মনে হয়, সময়টা যদি একটু থমকে যেত! সতীর্থদের সঙ্গে আরও কিছু মুহূর্ত কাটানো যেত, প্রিয় সেই পরিচিত জার্সিটা আরও কিছুদিন গায়ে রাখা যেত। কিন্তু ফুটবলের নিয়মে কিছু মুহূর্ত এমন আসে, যা চাইলেও ধরে রাখা সম্ভব হয় না। লিওনেল মেসির ক্ষেত্রেও এখন ঠিক তেমনই এক মুহূর্ত সামনে দাঁড়িয়ে।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলতে নামার ২৪ ঘণ্টারও কম সময় বাকি। এরই মধ্যে শেষবারের মতো অনুশীলন শেষ করেছেন মেসি। আলবিসেলেস্তেদের সঙ্গে সেই শেষ অনুশীলনের কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। সেই ছবির সাথে একটি আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি জানি এই বিশেষ মুহূর্তগুলো মিস করব।”
মেসির এই সংক্ষিপ্ত কথাগুলোর গভীরে যেন লুকিয়ে আছে দীর্ঘ এক ইতিহাস। বছরের পর বছর আর্জেন্টিনার জার্সিতে কাটানো সময়, সতীর্থদের সঙ্গে অসংখ্য ঘাম ঝরানো অনুশীলন, জয়-পরাজয়ের লড়াই, হতাশা, কান্না এবং সবশেষে কাতার বিশ্বকাপের সেই অবিস্মরণীয় শিরোপা জয়ের মুহূর্ত—সব মিলিয়েই গড়ে উঠেছে মেসির বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ার।
প্রকাশ করা ছবিগুলোতে মেসিকে সতীর্থদের সঙ্গে হাসিমুখে দেখা গেছে। একটি বিশেষ ছবিতে আর্জেন্টিনা দলের সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফদের পাশাপাশি মাঠের কর্মী ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সদস্যরাও উপস্থিত ছিলেন। সেই ছবিতে এএফএর সভাপতি ক্লদিও তাপিয়াকেও দেখা গেছে।
বেনিনের বিপক্ষে আয়োজিত ম্যাচটিই হতে যাচ্ছে মেসির শেষ বিদায়ের মঞ্চ। আগামীকাল ভোর ৫টায় মনুমেন্তাল স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এই বিশেষ ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন আরও কয়েকজন পরিচিত মুখ। রিভার প্লেটের নিকোলাস ওতামেন্দি, যিনি নিজেও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, তিনিও এই স্কোয়াডে অন্তর্ভুক্ত আছেন। এছাড়া মেসির ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো দি পল এবং রিয়াল বেতিসের জিওভানি লো সেলসোও দলে রয়েছেন। তবে তাঁদের মধ্যে কারা একাদশে সুযোগ পাবেন কিংবা কতক্ষণ মাঠে খেলবেন, তা এখনো নিশ্চিত নয়।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, অপ্রত্যাশিত কোনো পরিস্থিতি তৈরি না হলে বেনিনের বিপক্ষে পুরো ৯০ মিনিটই মাঠে থাকার কথা মেসির। আর তাঁকে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখার জন্য প্রস্তুত হয়ে আছে স্টেডিয়াম।
মেসিকে দেখার জন্য মনুমেন্তালের গ্যালারি দর্শকদের ভিড়ে উপচে পড়বে। মেসির এই বিদায় অনুষ্ঠানকে ঘিরে রাখা হয়েছে নানা বিশেষ আয়োজন। অনুষ্ঠানে অতিথি শিল্পীদের পাশাপাশি থাকবে বেশ কিছু চমক। আর সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে ২০২২ কাতার বিশ্বকাপে মেসির সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরা আর্জেন্টিনা দলের প্রায় সব সদস্যের উপস্থিতি।