পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পঞ্চগড়-১ আসনের সাবেক এই এমপিকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোশারফ হোসেন তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার মুক্তার মামলার কোনো সরাসরি শুনানি অনুষ্ঠিত হয়নি। তিনি আদালতের হাজতে অবস্থান করছিলেন। তবে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে, মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ায় অবস্থিত নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হয়ে যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বাবা মনু মিয়া গত বছরের ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাসহ মোট ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তার বিরুদ্ধে আল আমিনকে গুম ও হত্যা এবং বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি মামলা রয়েছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, “আদালতে হাজিরের পর সাবেক এমপি মুক্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।”