পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াকে (মুক্তা) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সোয়া ছয়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে নিখোঁজ রিকশাচালক আল আমিনকে (২১) হত্যা ও লাশ গুমের অভিযোগে দায়ের করা একটি মামলায় নাঈমুজ্জামান ভুঁইয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের পর আজ সকাল ৯টার দিকে তাঁকে আদালতে হাজির করা হলে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন নাঈমুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল এবং আদালত পুলিশের পরিদর্শক খান মো. শাহরিয়ার।

জানা গেছে, নাঈমুজ্জামান ভুঁইয়া বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় আরও একাধিক মামলা রয়েছে।

আদালত ও পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১০ নভেম্বর নিখোঁজ রিকশাচালক আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম এবং নাঈমুজ্জামান ভুঁইয়াসহ মোট ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরও ১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, "নাঈমুজ্জামান ভুঁইয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ ভোরে তাঁর কাজীপাড়া এলাকার বাড়িতে উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সকাল সোয়া ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।"