বাদ পড়া আরও ৪০ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে ৪৯তম (বিশেষ) বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়।
এর আগে গত ২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন যে, ৪৯তম বিশেষ বিসিএসে (শিক্ষা) পিএসসির সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে যাদের নাম বাদ পড়েছিল, সেই ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার জারির প্রক্রিয়া চলছে।
সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আজ সোমবার আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে এই বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেছিলেন, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রথমে ৬৬৮ জনকে সুপারিশ করার কথা বিভিন্ন সংবাদে এসেছে। তবে প্রকৃত সংখ্যা ৬৬৫। কারণ, তিনজন প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি। বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার আবেদনের ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সনদ দিয়ে আবেদন করা গেলেও চূড়ান্ত পর্যায়ে মূল বা সাময়িক সনদ জমা দিতে হয়। ওই তিনজন তা জমা দিতে পারেননি। এ ছাড়া আটজন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হননি। ফলে সব প্রক্রিয়া মিলিয়ে ৬৫৭ জন প্রার্থীর বিষয়টি বিবেচনায় আসে। তাঁদের মধ্যে ৬১১ জনের নামে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে।