৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারের ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম হয়েও চূড়ান্ত নিয়োগের গেজেট থেকে বাদ পড়েছিলেন নীলফামারীর মো. সোহেল রানা। দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার পর অবশেষে তিনি নিয়োগসংক্রান্ত গেজেটে অন্তর্ভুক্ত হয়েছেন। এই সুখবর পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আমার মনের সর্বোচ্চ চাওয়া পূর্ণ হয়েছে’।
সোমবার (৫ অক্টোবর) ৪৯তম বিসিএসের বাদ পড়া প্রার্থীদের মধ্যে যাদের নাম চূড়ান্ত করা হয়েছে, তাদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের মানসিক অস্থিরতা ও অনিশ্চয়তার অবসান ঘটল নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের কৃষক পরিবারের সন্তান সোহেল রানার জীবনে।
ঘটনার সূত্রপাত গত ৩০ সেপ্টেম্বর, যখন জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। পিএসসির চূড়ান্ত ফলাফলে সাময়িকভাবে মনোনীত ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম ওই গেজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। এই বাদ পড়া প্রার্থীদের মধ্যেই ছিলেন ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম স্থান অর্জনকারী সোহেল রানা।
গেজেটে নাম না থাকায় সোহেল রানা চরম বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এই ঘটনায় তার পরিবারের সদস্যদের মধ্যেও গভীর হতাশা তৈরি হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
সোহেল রানা নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের কৃষক আবু হোসেন ও গৃহিণী শাহিদা বেগমের সন্তান। চরম অভাব-অনটনের প্রতিকূল পরিবেশেও পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ বজায় রাখেন তিনি। ২০১৪ সালে সোনারায়-সংগলশী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং ২০১৬ সালে রংপুরের কারমাইকেল কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৪.৯২ অর্জন করেন।
পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন। ২০২০ সালে সিজিপিএ ৩.৫৪ নিয়ে স্নাতক এবং ২০২১ সালে সিজিপিএ ৩.৫৬ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তিনি ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম স্থান অধিকার করেন।
তবে ৩০ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে তার নাম না থাকায় তিনি হতবাক হয়ে যান। সে সময় গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, কী কারণে তার নাম বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে তার কোনো ধারণা নেই।
গেজেট প্রকাশের পর বাদ পড়া প্রার্থীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, যাচাই-বাছাই ও পুলিশ ভেরিফিকেশনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন ৫ অক্টোবর জারি করা হবে।
অবশেষে নির্ধারিত দিনে সোহেল রানাসহ বাদ পড়া প্রার্থীদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ায় তার বিসিএস ক্যাডারে যোগদানের পথ প্রশস্ত হলো। এই বিষয়ে সোহেল রানা বলেন, “আলহামদুলিল্লাহ আমার মনের সর্বোচ্চ যে চাওয়া সেটি পূর্ণ হয়েছে। এর বাইরে আমার কোনো চাওয়া নেই।”