আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচ। ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়ার্ডের বিদায়ী মুহূর্তের সাক্ষী হতে চেয়েছিলেন তাঁর সতীর্থ পাওলো দিবালা ও নাহুয়েল মলিনা। তবে শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হতে দেখছেন না তারা।
চলতি আন্তর্জাতিক বিরতিতে এই দুই ফুটবলার আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাননি। তবে মনুমেন্তালে মেসির এই বিশেষ বিদায়ী ম্যাচে তাঁদের অন্য সব সতীর্থদের মতোই আমন্ত্রণ জানানো হয়েছিল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ২০২২ বিশ্বকাপ জয়ী দলের সকল খেলোয়াড়কে তাঁদের পরিবারসহ এই ম্যাচে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিল।
এত আয়োজন সত্ত্বেও মেসির শেষ ম্যাচটি দেখার সুযোগ পাচ্ছেন না দিবালা ও মলিনা। তাঁদের ক্লাব রোমার কোচ জিয়ানপিয়েরো গাসপেরিনি তাঁদের বুয়েনস আইরেস যাওয়ার অনুমতি দেননি।
বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর ৫টায় বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটি দিয়েই আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন তিনি। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে রোম থেকে বুয়েনস আইরেসে যেতে চেয়েছিলেন দিবালা ও মলিনা।
কিন্তু তাঁদের এই ইচ্ছার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন কোচ গাসপেরিনি। ইতালিয়ান এই কোচ তাঁর দুই খেলোয়াড়কে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকায় পাঠাতে রাজি হননি। কারণ, আন্তর্জাতিক বিরতির পর রোমার সামনে অত্যন্ত ব্যস্ত সূচি অপেক্ষা করছে। আগামী রোববার সিরি আ-র একটি গুরুত্বপূর্ণ ম্যাচে কোমোর মুখোমুখি হবে রোমা। এরপরই রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় এক পরীক্ষার মুখোমুখি হতে হবে তাদের। গাসপেরিনির মতে, আর্জেন্টিনায় যাওয়া এবং সেখান থেকে ফেরার দীর্ঘ বিমানযাত্রা দিবালা ও মলিনার শারীরিক প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সোমবার স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে গাসপেরিনি বলেন, “রোববার আমাদের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে। তাই দিবালা ও মলিনাকে আর্জেন্টিনায় যাওয়া এবং সেখান থেকে ফেরার অনুমতি দেওয়া সম্ভব ছিল না। আর্জেন্টিনা অনেক দূরে। তাদের সেখানে পাঠালে অনেক ঘণ্টা বিমান ভ্রমণ করতে হতো।”
মেসির বিদায়ী ম্যাচে তাঁর দুই সতীর্থকে যেতে না দিলেও আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন গাসপেরিনি। তিনি বলেন, “মেসির বিদায় আবেগঘন হবে। ব্যক্তিগতভাবে আমি খেলোয়াড় ও কোচ, দুই ভূমিকাতেই অনেক তারকা খেলোয়াড়কে দেখেছি। কিন্তু লিওনেলের মতো এত কিছু অর্জন করেছে এমন কাউকে ভাবা কঠিন। আর্জেন্টিনার হয়ে তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে দেখে আমার খারাপ লাগছে।”