অনেকেই শুঁটকির স্বাদ পছন্দ করেন, আর তার মধ্যে লইট্টা মাছের শুঁটকি দিয়ে তৈরি বেগুন ও আলুর ঝোল জিভে জল আনা একটি পদ। যারা ঘরে বসে সহজ উপায়ে এই সুস্বাদু খাবারটি তৈরি করতে চান, তাদের জন্য রইল বিস্তারিত রেসিপি।
এই পদটি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো হলো:
লইট্টা মাছের শুঁটকি: ১০–১২টি
বেগুন: ২টি
আলু: ২টি (লম্বা করে কাটা)
পেঁয়াজ: ২টি (কুঁচি)
রসুন: অর্ধেকটা (কিছু কুঁচি, কিছু আস্ত)
তেল: ১ টেবিল চামচের ৩ ভাগের ১ ভাগ
মরিচগুঁড়া: ১ চা-চামচ
ধনিয়া: ১ চা-চামচ
হলুদগুঁড়া: ১ চা-চামচ
জিরাবাটা: ১ চা-চামচ
লবণ: পরিমাণমতো
ঝোলের জন্য পানি: পরিমাণমতো
রান্নার প্রস্তুত প্রণালী:
প্রথমে লইট্টা মাছের শুঁটকি খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে প্রস্তুত রাখুন।
রান্নার শুরুতে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে এতে পরিষ্কার করে রাখা শুঁটকিগুলো দিয়ে দিন। এবার পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে ২-৩ মিনিট রান্না করতে হবে।
পরের ধাপে ঢাকনা খুলে এতে লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিন এবং কিছুক্ষণ কষিয়ে নিন। আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এতে বেগুন যোগ করুন এবং আরও ১-২ মিনিট রান্না করুন। সবশেষে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে পাত্রটি ঢেকে দিন।
সবশেষে আলু ও বেগুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে লবণ চেখে দেখুন এবং নামিয়ে ফেলুন। গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু লইট্টা শুঁটকির ঝোল।