রাজশাহী টেনিস কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। আজ সকাল ৯টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং কেক কাটার মাধ্যমে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৫ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১০ অক্টোবর পর্যন্ত রাজশাহী টেনিস কমপ্লেক্সের কোর্টে চলবে এই লড়াই।

এবারের আসরে বাংলাদেশসহ মোট ১০টি দেশের শতাধিক উদীয়মান টেনিস তারকা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, “রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট আয়োজন মর্যাদাপূর্ণ বিষয়। এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সাহস তৈরি করে।”

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে মহানগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। অংশ নেওয়া দেশি-বিদেশি খেলোয়াড়দের যেকোনো প্রয়োজন ও সমস্যায় সিটি করপোরেশন পাশে থাকবে।”

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন রাজশাহীর এই আয়োজনের ধারাবাহিকতার প্রশংসা করেন। তিনি বলেন, “রাজশাহী টেনিস কমপ্লেক্স দীর্ঘদিন ধরে সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে।” একইসঙ্গে তিনি বাংলাদেশি খেলোয়াড়দের বিদেশি প্রতিপক্ষের সঙ্গে সরাসরি খেলার সুযোগটিকে সর্বোচ্চ কাজে লাগানোর আহ্বান জানান।

টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী এবারও রেফারির দায়িত্ব পালন করছেন। তিনি প্রায় ১০ বছর ধরে এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, যার স্বীকৃতিস্বরূপ উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে কেক কেটে অভিনন্দন জানানো হয়।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এই প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, “আন্তর্জাতিক এই জুনিয়র টেনিস টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ। বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তাঁরা আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।”

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ এই আয়োজনকে আনন্দের বিষয় হিসেবে বর্ণনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বিভিন্ন দেশের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি অত্যন্ত সফল হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ আলী, রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. ফয়জুল কবির এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা মামুনসহ টেনিস কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কোচ, অভিভাবক ও খেলোয়াড়বৃন্দ।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের বালক ও বালিকা এককে ৩২ জন করে এবং দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র রাখা হয়েছে। শীর্ষ র‌্যাঙ্কিংয়ের খেলোয়াড় হিসেবে বালকদের বিভাগে অংশ নিচ্ছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল এবং বালিকাদের বিভাগে অংশ নিচ্ছেন ভারতের শেখ শাজফা।

উল্লেখ্য যে, এবারের আসরে রাজশাহীর পাঁচজন খেলোয়াড় অংশ নিচ্ছেন, যাদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মেইন ড্রয়ে খেলার সুযোগ পেয়েছেন।