কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের কাছে ঝিনুকের মালা বিক্রি করে জীবন অতিবাহিত করত কিশোরী রেনুশাহ আক্তার। সেই সৈকতেই একদিন সার্ফিং দেখার সুযোগ হয় তার, আর সেখান থেকেই জন্ম নেয় এক প্রবল আগ্রহ। প্রায় একই রকম জীবনসংগ্রামের গল্প মাহিমা আক্তারেরও। সৈকতে ডিম বিক্রির ফাঁকে সার্ফিং দেখত মাহিমা, আর সেই মুগ্ধতাই তাকে সার্ফিংয়ের জগতের সাথে মিলিয়ে দেয়।

আর্থিক অনটন এবং নানা সামাজিক প্রতিবন্ধকতা জয় করে সার্ফিংয়ের আঙিনায় নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন এই দুই সাহসী কিশোরী। তাদের মধ্যে একজন জাতীয় প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন। এখন তাদের লক্ষ্য দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরা। সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে মুক্তকণ্ঠের সাথে কথা বলেছেন এই দুই কিশোরী।

১৫ বছর বয়সী রেনুশাহ আক্তার কক্সবাজার পৌরসভার বাদশাঘোনা এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। মাত্র সাত বছর বয়স থেকেই রেনুশাহর বাবা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। ফলে সংসারের পুরো দায়িত্ব কাঁধে নিতে হয় তার গৃহিণী মায়ের। পরিবারের অভাব মেটাতে মা একটি স্বল্প বেতনের চাকরি শুরু করেন।

মায়ের এই কষ্টের বোঝা কিছুটা কমাতে ১০ বছর বয়স থেকেই সমুদ্রসৈকতে শামুক-ঝিনুক সংগ্রহ শুরু করেন রেনুশাহ। সেই ঝিনুক দিয়ে বাড়িতে মালা তৈরি করে পর্যটকদের কাছে বিক্রি করতেন তিনি। একদিন খালাতো বোন মিলির সাথে সৈকতে সার্ফিং দেখতে যান রেনুশাহ। তখন কলাতলী পয়েন্টে ২০ থেকে ২৫ জন ছেলে-মেয়ে সার্ফিং শিখছিল। তাদের সেই দৃশ্য দেখে রেনুশাহর মনেও সার্ফিং শেখার তীব্র ইচ্ছা জাগে।

খালাতো বোনের সহযোগিতায় তিনি কক্সবাজার সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাবে ভর্তি হন। ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক রাশেদ আলমের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। এরপর থেকে টানা পাঁচ বছর ধরে সার্ফিং করে চলেছেন রেনুশাহ। তবে শুরুর দিকে সৈকতে যাতায়াতের সময় অনেকের কটূক্তির শিকার হতে হয়েছে তাকে। এই কারণে মা প্রথমে তাকে বকাঝকা করতেন এবং এক পর্যায়ে সার্ফিং বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে প্রশিক্ষক রাশেদ আলম বিষয়টি বুঝিয়ে বললে মা আর বাধা দেননি।

গত এপ্রিল মাসে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় অংশ নেন রেনুশাহ। যদিও এবার তিনি আশানুরূপ ফল করতে পারেননি, তবে ভবিষ্যৎ নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। পড়াশোনা এবং ঘরের কাজ সামলে সপ্তাহে শুক্র ও শনিবার সৈকতে গিয়ে সার্ফিং করেন তিনি। তবে চরম আর্থিক সংকটের কারণে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হচ্ছে। শহরের পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রেনুশাহ গত তিন মাস ধরে স্কুলে যেতে পারছেন না।

রেনুশাহ মুক্তকণ্ঠকে বলে, “সার্ফিং শুরু করার পর অনেকেই কটূক্তি করত। বলত, সার্ফিং ছেলেদের খেলা, মেয়েদের নয়। লোনা পানিতে সার্ফিং করলে গায়ের রং কালো হয়ে যাবে, বিয়ে হবে না—এমন কথাও শুনতে হয়েছে। এসব কারণে মা প্রথম দিকে সার্ফিং বন্ধ করতে বলতেন। পরে বিষয়টি বুঝতে পেরে মা আর বাধা দেন না।”

রেনুশাহর মা সাজু বেগম জানান, মেয়ের সার্ফিং নিয়ে অনেক স্বপ্ন, তাই তিনি এখন আর বাধা দেন না। তবে আর্থিক অভাবের কারণে মেয়ের স্বপ্ন কতদূর এগোবে, তা নিয়ে তিনি চিন্তিত। সাজু বেগম বলেন, “স্বল্প বেতন থেকেই বাসাভাড়া, বিদ্যুৎ ও গ্যাস বিল এবং সংসারের খরচ মেটাতে হয় তাঁকে। সন্তানদের পড়াশোনার খরচ জোগানোও কঠিন হয়ে পড়েছে। এ কারণে রেনুশাহর স্কুলে যাওয়া বন্ধ রয়েছে।”

অন্যদিকে ১৬ বছর বয়সী মাহিমা আক্তার একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আবু সিদ্দিক একজন জেলে এবং মা রাবেয়া বেগম গৃহিণী। চার বোন ও এক ভাইয়ের মধ্যে মাহিমা সবার বড়। সাত বছর আগে সৈকতে ডিম বিক্রি করতে গিয়ে সার্ফিংয়ের প্রতি তার আগ্রহ তৈরি হয়। ডিম বিক্রির ফাঁকে সার্ফিং দেখতে থাকা মাহিমাকে লক্ষ্য করেন প্রশিক্ষক রাশেদ আলম। তাঁর উৎসাহে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই সাঁতার ও সার্ফিং শিখে ফেলেন মাহিমা।

মাহিমা আক্তার ২০২৫ সালে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলের সদস্য ছিলেন। ওই প্রতিযোগিতায় বাংলাদেশ দল সপ্তম স্থান অর্জন করে। সর্বশেষ ২০২৬ সালে কক্সবাজারের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় রানারআপ হন মাহিমা।

মাহিমা মুক্তকণ্ঠকে বলে, “সার্ফিং এখন তার নেশায় পরিণত হয়েছে। ঢেউয়ের ওপর সার্ফবোর্ড নিয়ে চলার সময় অন্য রকম অনুভূতি হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সে। ভবিষ্যতে অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায়। পাশাপাশি শিশুদের সার্ফিং শেখানোর জন্য একটি স্কুল গড়ার স্বপ্নও রয়েছে তার।”

মেয়েদের সার্ফিং শেখার ক্ষেত্রে সামাজিক বাধার কথা উল্লেখ করে মাহিমা বলেন, “শুরুতে সৈকতে যাতায়াতের সময় অনেকে কটূক্তি করত। এ কারণে মা প্রথম দিকে বকাঝকা করতেন এবং একসময় সার্ফিং বন্ধ করে দিয়েছিলেন। পরে প্রশিক্ষক রাশেদ আলম বিষয়টি বুঝিয়ে বললে মা আর বাধা দেননি।”

কক্সবাজার সৈকতে বিদেশি পর্যটকরা সার্ফিং শিখতে এলেও স্থানীয় ছেলে-মেয়েদের জন্য সুযোগ খুবই সীমিত। এমনটাই জানান কক্সবাজার সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক রাশেদ আলম। তিনি জানান, বর্তমানে তাঁর ক্লাবে ৩১ জন প্রশিক্ষণ নিচ্ছেন, যাদের মধ্যে ১০ জন কিশোরী।

২০১৩ সালে ৪০ জন ছেলে-মেয়ে নিয়ে কক্সবাজারে সার্ফিং ক্লাব প্রতিষ্ঠা করেন রাশেদ আলম। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সার্ফিং ও লাইফগার্ড প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন তিনি। সেখানে সাত বছর কাজ করার পর ২০২৩ সালে দেশে ফিরে পুনরায় ক্লাবের কার্যক্রম শুরু করেন।

রাশেদ আলম জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে প্রশিক্ষণ নেওয়া অনেক মেয়ে বিয়ের পর সার্ফিং ছেড়ে দিয়েছেন। দেশে ফিরে তিনি নতুন করে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন। এ পর্যন্ত তাঁর ক্লাবে ১০০ জনের বেশি বিদেশি সার্ফিং শিখেছেন, যাদের মধ্যে অন্তত ৬০ জন নারী। যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় বন্ধুদের অনুদানে পাওয়া ছোট-বড় ৩০টি সার্ফবোর্ড দিয়ে বর্তমানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সার্ফিংয়ের জন্য প্রয়োজনীয় বোর্ড দেশে তৈরি হয় না এবং আমদানি করাও সহজ নয়।

রাশেদ আলম বলেন, “সার্ফিং ক্লাব বা প্রশিক্ষণকেন্দ্রের জন্য সরকারি খাসজমি বরাদ্দ নেই। ক্রিকেট ও ফুটবলের মতো সার্ফিংয়েও সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা থাকলে কক্সবাজার আন্তর্জাতিক সার্ফিংয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।”

আর্থিক সংকটের মধ্যেও রেনুশাহ ও মাহিমার এই এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এই দুই কিশোরীর মতো আরও অনেকে সার্ফিংয়ে আগ্রহী। তাঁদের এগিয়ে নিতে প্রয়োজন প্রশিক্ষণের সুযোগ, সরঞ্জাম ও পৃষ্ঠপোষকতা।