টেনিস বা ব্যাডমিন্টনের মতো দ্রুতগতির খেলাগুলোতে শারীরিক পরিশ্রম ও ক্ষিপ্রতার প্রয়োজন হয়, যার ফলে অনেক সময় খেলোয়াড়রা বিভিন্ন ধরনের ইনজুরির সম্মুখীন হন। বিশেষ করে টেনিস খেলোয়াড়দের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ কিছু সমস্যা হলো টেনিস এলবো, কাঁধের রোটেটর কাফ ইনজুরি, গোড়ালি মচকে যাওয়া এবং হাঁটুতে ব্যথা। তবে সঠিক শারীরিক কন্ডিশনিং, উপযুক্ত র‍্যাকেট নির্বাচন এবং খেলার আগে ও পরে যথাযথ স্ট্রেচিং করার মাধ্যমে এই ঝুঁকিগুলো অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

টেনিস এলবো: এই সমস্যাটি টেনিস খেলোয়াড়দের মাঝে অত্যন্ত পরিচিত। মূলত কনুইয়ের বাইরের অংশের পেশি এবং টেন্ডনে অতিরিক্ত চাপ পড়ার কারণেই এই ব্যথার সৃষ্টি হয়।

করণীয়: এই সমস্যায় আক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন এবং ব্যথার জায়গায় বরফের প্যাক ব্যবহার করতে হবে। পাশাপাশি ফোরআর্মের পেশি শক্তিশালী করার জন্য নির্দিষ্ট কিছু ব্যায়াম করা উচিত। এছাড়া র‍্যাকেটের গ্রিপ সাইজ সঠিক রাখা এবং স্ট্রিংয়ের টান কমিয়ে রাখা সহায়ক হতে পারে।

গোড়ালি মচকে যাওয়া: টেনিস খেলার সময় দ্রুত দিক পরিবর্তন করতে গিয়ে অনেক সময় পায়ের গোড়ালি মচকে যায় অথবা লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়।

করণীয়: এক্ষেত্রে 'রাইস' (RICE) পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত কার্যকর—বিশ্রাম (রেস্ট), বরফ দেওয়া (আইস), চাপ দিয়ে রাখা (কমপ্রেশন) এবং পা উঁচু করে রাখা (এলিভেশন)। এছাড়া গোড়ালিকে সুরক্ষিত রাখতে উচ্চমানের এবং সাপোর্টিং টেনিস জুতা ব্যবহার করা জরুরি।

কাঁধের ইনজুরি: টেনিসে সার্ভ করার সময় কিংবা বল সজোরে আঘাত করার সময় কাঁধের পেশিতে অতিরিক্ত টান পড়ে। একই ধরনের সমস্যা দেখা দেয় ভলিবল, বাস্কেটবল বা ক্রিকেট খেলায়ও। এর ফলে রোটেটর কাফ ইনজুরি বা টেন্ডোনাইটিস হতে পারে এবং ল্যাবরাম ইনজুরি ও জোড়া ছুটতে পারে।

করণীয়: কাঁধ ও পিঠের পেশি মজবুত করতে স্ট্রেংথ ট্রেনিং করা প্রয়োজন। সার্ভ করার কৌশলে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য পেশাদার কোচের পরামর্শ নেওয়া উচিত। ব্যথা অনুভব করলে কাঁধে বরফ দিন। তবে ব্যথা তীব্র হলে কিংবা ল্যাবরাম ও জোড়া ছুটলে অবশ্যই একজন অর্থোপেডিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

হাঁটুব্যথা: কর্ট সারফেসে অতিরিক্ত দৌড়াদৌড়ি এবং জাম্পিং করার কারণে হাঁটুতে প্রচণ্ড চাপ পড়ে, যা টেন্ডনগুলোতে প্রদাহ সৃষ্টি করে। এর পাশাপাশি লিগামেন্ট এবং মেনিসকআস ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে।

করণীয়: খেলার তীব্রতা হঠাৎ না বাড়িয়ে ধীরে ধীরে বাড়ানো উচিত। পায়ের কোয়াড্রিসেপস ও হ্যামস্ট্রিং পেশি শক্তিশালী করার ব্যায়াম করা প্রয়োজন। ব্যথা কমাতে বরফ ব্যবহার এবং বিশ্রাম নেওয়া সবচেয়ে কার্যকর উপায়।

যেকোনো ধরনের ইনজুরি এড়াতে খেলা শুরুর আগে ১০-১৫ মিনিট ওয়ার্মআপ ও স্ট্রেচিং করে শরীর গরম করে নেওয়া আবশ্যক।

তথ্যসূত্র: অর্থোপেডিক সার্জারি বিভাগ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকা।